Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

কড়া পুলিসি পাহারায় দেগঙ্গার পঞ্চায়েতে উপপ্রধান নির্বাচন

কড়া পুলিসি পাহারায় দেগঙ্গার পঞ্চায়েতে উপপ্রধান নির্বাচন
  • ১৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাসত: দীর্ঘদিন ধরে এই পঞ্চায়েতের উপপ্রধান ছিলেন না। বুধবার সরকারি নিয়ম মেনে দেগঙ্গার বেড়াচাঁপা ১ পঞ্চায়েতের উপপ্রধান নির্বাচিত হলেন ফারুক আহমেদ। আর এই নির্বাচনকে ঘিরে যাতে অশান্তি না হয়, সেজন্য মোতায়েন ছিল বিশাল পুলিস বাহিনী। রেশন বণ্টন দুর্নীতি মামলায় ধৃত তৃণমূল ব্লক সভাপতি আনিসুর রহমান ওরফে বিদেশের নির্দেশেই ফারুক উপপ্রধান হলেন বলে দাবি করেছেন দলীয় নেতৃত্ব।
Advertisement
বেড়াচাঁপা ১ গ্রাম পঞ্চায়েতে মোট ২৫ জন সদস্য আছেন। এর মধ্যে তৃণমূল কংগ্রেসের সদস্য সংখ্যা ১৮। এছাড়া আইএসএফের পাঁচ, সিপিএমের এক ও বিজেপির একজন সদস্য আছেন। চলতি বছরের অক্টোবর মাসে আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় এই পঞ্চায়েতের উপপ্রধান আশরাফ আলি মণ্ডলের। শূন্য সেই পদ পূরণে বুধবার পঞ্চায়েত ভবনে উপপ্রধান নির্বাচন হয়। সেই দায়িত্বে এলেন ফারুক আহমেদ। উপপ্রধান নির্বাচনে উপস্থিত ছিলেন দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতির প্রতিনিধি তুষারকান্তি দাস প্রমুখ।
এদিন নবনির্বাচিত উপপ্রধানের গলায় মালা পরিয়ে শুভেচ্ছা জানান কর্মী, সমর্থকরা। এনিয়ে তুষার দাস বলেন, বাকি সদস্যরাও উপপ্রধান হওয়ার দাবিদার ছিলেন। কিন্তু বিদেশের হুইপেই ফারুককে উপপ্রধান করা হল। তাঁর কথা সবাই মেনে নিয়েছেন। 
সম্পর্কিত সংবাদ