Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

কুয়ে নদীর বেহাল সেতু পরিদর্শন বিডিওর

কুয়ে নদীর বেহাল সেতু পরিদর্শন বিডিওর
  • ১৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, শান্তিনিকেতন: লাভপুরের মামুদপুরে কুয়ে নদীর উপরের সেতু বেহাল। জরাজীর্ণ সেতুটি ভেঙে গিয়ে যে কোনও মুহূর্তে বড় ধরনের বিপদের আশঙ্কা করছেন এলাকার মানুষরা। সেতুর বিভিন্ন জায়গায় বড় বড় ফাটল ধরেছে। কংক্রিট উঠে গিয়ে লোহার রড বেরিয়ে আছে। সেই খবর পাওয়ার পরই সেতু পরিদর্শন করলেন লাভপুর ব্লকের বিডিও শিশুতোষ প্রামাণিক সহ প্রশাসনের আধিকারিকরা। দ্রুত সেই সেতু সংস্কার করার জন্য ইতিমধ্যেই জেলা পরিষদের দপ্তরে চিঠি পাঠানো হয়েছে লাভপুর ব্লকের তরফে। স্বাভাবিকভাবেই এই সরকারি পরিদর্শন ও আগামীতে সেতু পূর্ণরূপে সংস্কার হবে সেই বিষয়টি জানতে পেরে খুশি এলাকার বাসিন্দারা।  লাভপুর ব্লকের জামনা পঞ্চায়েতের মামুদপুর গ্রামের পাশ দিয়ে বয়ে গিয়েছে কুয়ে নদী। কিন্তু এই গ্রামে যেতে গেলে পার করতে হয় নদীর উপরের জরাজীর্ণ ও ভগ্নপ্রায় সেতুটি। ফলে চরম সমস্যার মধ্যে দিন কাটাচ্ছেন মামুদপুর সহ পার্শ্ববর্তী মহেশগ্রাম, কেমপুর, বেলবুনি, হরানন্দপুর, শিকারপুর, ধ্রুববাটি সহ আরও বেশকিছু গ্রামের মানুষ। এই সমস্ত এলাকার মানুষদের কীর্ণাহার সহ সমস্ত জায়গায় যাওয়ার জন্য পার করতে হয় এই ভগ্নপ্রায় সেতুটি। অন্যথায় তাদের কয়েক কিলোমিটার ঘুর পথে জুবুটিয়া ব্যাঙ্ক মোড় হয়ে বা পীরতলা হয়ে যাতায়াত করতে হয়। মামুদপুর প্রাথমিক বিদ্যালয় সহ অন্যান্য সমস্ত বিদ্যালয় ও কলেজের পড়ুয়াদেরও এই পথেই যাতায়াত করতে হয়। গ্রামের বাসিন্দাদের নানা প্রয়োজনে, বোলপুর মহকুমা হাসপাতাল সহ অন্যান্য স্বাস্থ্যকেন্দ্রে মুমূর্ষু রোগীদের নিয়ে যেতে এই সেতুই সহজ পথ। দিনের বেলা সেতুর উপর দিয়ে যাতায়াত কোনওমতে সম্ভব হলেও রাতে বড় অসুবিধা দেখা দেয়। স্থানীয় মানুষজন আশঙ্কা করছেন সেতুটির স্বাস্থ্যের অবস্থা যে পর্যায়ে রয়েছে তাতে বড় ধরনের বিপদ ঘটে যেতে পারে। সেই খবর প্রকাশিত হয় বর্তমান পত্রিকায়। তারপরই নড়েচড়ে বসে লাভপুর ব্লক প্রশাসন। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ