নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অভিনব কায়দায় মোবাইল হাপিস। টার্গেট করা হচ্ছে জ্যাকেট পরা ব্যক্তিদের। জ্যাকেটের পকেটে মোবাইল রাখলেই তা তুলে নিচ্ছে দুষ্কৃতী। বড়বাজারের ঘিঞ্জি এলাকায় এই ‘টেকনিক’ মেনেই একের পর এক মোবাইল সাফাই হচ্ছে। পরপর ৮টি মোবাইল চুরির ঘটনার কিনারা করল লালবাজার। বড়বাজার থানায় অভিযোগের ভিত্তিতে ভিন রাজ্যের এক যুবককে গ্রেপ্তার করেছেন গোয়েন্দারা। ধৃতের নাম বীরাঙ্গ মাহাত (৪০)। ঝাড়খণ্ডের সাহেবগঞ্জের বাসিন্দা সে। শুক্রবার নদীয়া থেকে তাকে পাকড়াও করেন তদন্তকারীরা। ধৃতের থেকে উদ্ধার হয়েছে চুরি যাওয়া আটটি মোবাইল ফোন।
Advertisement
পুলিস সূত্রে খবর, বড়বাজার থানা এলাকা থেকে একের পর এক মোবাইল চুরির অভিযোগ আসতে থাকে। অভিযোগের ভিত্তিতে তদন্তভার নেয় গোয়েন্দা বিভাগ। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখেন তদন্তকারীরা। সেখান থেকেই দেখা যায়। সবকটি ক্ষেত্রেই মোবাইল মালিক জ্যাকেট পরে রয়েছেন। সেখান থেকেই বোঝাই যায় জ্যাকেট পরা ব্যক্তিরাই হল দুষ্কৃতীর টার্গেট। সিসি ক্যামেরা খতিয়ে দেখে দুষ্কৃতীকে চিহ্নিত করে পুলিস। এরপরে নদীয়ায় হানা দিয়ে তাকে গ্রেপ্তার করে। ধৃতকে জেরা করে তদন্তকারীরা জেনেছেন, শীতকালে ভারী জামাকাপড় গায়ে থাকায় পকেটে হাত ঢোকালে বিশেষ বোঝা যায় না। সেই কারণেই এধরনের ব্যক্তিদের টার্গেট করত অভিযুক্ত।



