রাঁচি: একসময় ঝাড়খণ্ড মুক্তি মোর্চার অন্যতম ভরসার মুখ ছিলেন তিনি। জেলে যাওয়ার সময় তাঁর হাতেই মুখ্যমন্ত্রীর কুর্সি সঁপেছিলেন হেমন্ত সোরেন। কিন্তু হেমন্তর কারা-মুক্তির পর পদ ছাড়তে হয়েছিল চম্পই সোরেনকে। সেই ক্ষোভেই বিজেপিতে যোগ দিয়েছিলেন ‘কোলহান টাইগার’। দলত্যাগের পর ঝাড়খণ্ডের চেনা মাটিতে পদ্ম ফোটাতে ভোটের প্রচারে ঝাঁপিয়ে ছিলেন তিনি। বিজেপি জিতলে মুখ্যমন্ত্রী পদের লড়াইয়ে তাঁর নামও উঠে এসেছিল। কিন্তু সমস্ত আশারই ভরাডুবি হল। নিজের দুর্গ সরাইকেলা থেকে বিজেপির টিকিটে ফের বিধায়ক নির্বাচিত হয়েছেন চম্পই। কিন্তু ছেলে বাবুলাল সোরেনকেও জেতাতে পারলেন না। দল ছাড়ার পর চম্পইয়ের কাছে এবারের ভোট ছিল আত্মমর্যাদার লড়াই। সরাইকেলা আসনে প্রতিদ্বন্দ্বী গণেশ মহালিকে ২০ হাজার ৪৪৭ ভোটে হারিয়েছেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী। কিন্তু ঘাটশিলা আসন থেকে প্রথমবার ভোটে দাঁড়িয়ে তাঁর ছেলে বাবুলালকে ফিরতে হল খালি হাতেই।



