নয়াদিল্লি: তখন দেশের প্রধানমন্ত্রী পদে। সদ্য হৃদযন্ত্রে জটিল অস্ত্রোপচার হয়েছে ৭৬ বছর বয়সি ডঃ মনমোহন সিংয়ের। সার্জারির দু’ঘণ্টা পরেই সম্পূর্ণ সজাগ তিনি। কিছুক্ষণ পর ব্রিদিং টিউব খুলতেই প্রথমে জিজ্ঞেস করলেন, ‘আমার দেশ কেমন আছে? কাশ্মীরের কী অবস্থা? সবকিছু ঠিক আছে তো?’ এই দৃশ্য দেখে রীতিমতো অবাক হয়ে গিয়েছিলেন চিকিৎসক ডাঃ রমাকান্ত পন্ডা। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীকে স্মরণ করতে গিয়ে সেই অভিজ্ঞতার কথাই শোনালেন তিনি। পন্ডা জানান, সাধারণত হার্ট সার্জারির পর রোগীরা ব্যথা অনুভব করেন। কিন্তু মনমোহন সিং একবারও ব্যথার কথা উচ্চারণ করেননি। এমনটা সত্যিই বিরল। অনেকেই তাঁকে নরম মনের মানুষ বলতেন। কিন্তু তাঁরা চরিত্রের এই দিকটা দেখার সুযোগ পাননি। আমি পেয়েছি। কঠিন পরিস্থিতিতেও নিজের কথা না ভেবে দেশকে প্রাধান্য দিয়েছেন তিনি।



