সংবাদদাতা, উলুবেড়িয়া: লরির পিছনে বাসের ধাক্কায় আহত পাঁচ। দুর্ঘটনাটি ঘটেছে শনিবার বিকেলে ১৬ নম্বর জাতীয় সড়কে রাজাপুর থানার খলিশানি রথতলায়। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গড়িয়া থেকে একটি যাত্রীবাহী বাস পশ্চিম মেদিনীপুরের দিকে যাওয়ার সময় খলিশানি রথতলার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরির পিছনে ধাক্কা মেরে ডিভাইডারের উপর উঠে যায়। বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। বাসে থাকা পাঁচ যাত্রী আহত হন। দুর্ঘটনার পর আহতদের স্থানীয় একটি চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়। পুলিস বাস এবং লরিটিকে আটক করেছে।



