Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

জোড়াসাঁকোয় পণ্যবাহী গাড়ির ধাক্কায় বাইক আরোহীর মৃত্যু

জোড়াসাঁকোয় পণ্যবাহী গাড়ির ধাক্কায় বাইক আরোহীর মৃত্যু
  • ২৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহরে ফের পথ দুর্ঘটনায় মৃত্যু। গতকাল, সোমবার গভীর রাতে জোড়াসাঁকো থানার চিত্তরঞ্জন অ্যাভিনিউতে দুর্ঘটনাটি ঘটে। একটি পণ্যবাহী গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে এক বাইক আরোহীর। মৃতের নাম সরফরাজ আহমেদ(২৫)। তাঁর বাড়ি তিলজলার জিজেখান রোডে।
Advertisement
গতকাল, রাতে চিত্তরঞ্জন অ্যাভিনিউ দিয়ে বাইকে চেপে যাচ্ছিলেন সরফরাজ। সে সময়ই দুর্ঘটনার কবলে পড়েন তিনি। জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিস। যদিও শেষরক্ষা হয়নি। হাসপাতালেই চিকিৎসা চলাকালীন সরফরাজের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিস।
কীভাবে ঘটল দুর্ঘটনাটি, তার তদন্ত শুরু হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে দুর্ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজও।
প্রত্যক্ষদর্শীদের দাবি, পণ্যবাহী গাড়িটি বেপরোয়া গতিতে যাচ্ছিল। গতি বেশি থাকার কারণে গাড়িটি চিত্তরঞ্জন অ্যাভিনিউতে নিয়ন্ত্রণ হারিয়ে সোজা সরফরাজের বাইকে গিয়ে ধাক্কা মারে। এর ফলে বাইক থেকে ছিটকে পড়ে যান সরফরাজ।
প্রসঙ্গত, শহরে বারবার পথ দুর্ঘটনার জেরে মৃত্যুর ঘটনায় উদ্বিগ্ন লালবাজার। গত রবিবার মা উড়ালপুলে দুর্ঘটনার জেরে দুই যুবকের মৃত্যু হয়। তারপরেই উড়ালপুলে বাইক চলাচলের বিষয়ে কড়া ব্যবস্থা নিয়েছে কলকাতা পুলিস। 
সম্পর্কিত সংবাদ