নিজস্ব প্রতিনিধি, বারাসত: স্বামীর মৃত্যুতে ফের খুনের তত্ত্বেই জোর দিলেন আদহাটা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুরাইয়া পারভিন। বুধবার তিনি জানিয়েছেন, আবুল নাসারের চারটি জেসিবি (মাটি কাটার মেশিন) ছিল। করোনাকালে দু’টি জোর করে বিক্রি করিয়েছিল ব্যবসায়িক পার্টনার কৃষ্ণ পণ্ডিত। সেই টাকা দিয়ে সোদপুরের কোটি টাকার সম্পত্তির শেয়ার নিতে বাধ্য করে। জেসিবি বেচে জমি কেনায় ‘কাল’ হল। কিছুদিন ধরে ওই জমি বেচতে চাপ দেওয়া হচ্ছিল নাসারকে। ও রাজি হচ্ছিল না। পরিবারের অভিযোগ, টিটাগড়ের বাসিন্দা কৃষ্ণ পণ্ডিত চেয়েছিল পুরো জমির মালিক হতে। তাই খুন করেছে স্বামীকে। মুখ্যমন্ত্রীকে লিখিত অভিযোগ জানিয়েছি।
Advertisement
গত শনিবার ভোরে মন্দারমণিতে একটি হোটেলে দেহ উদ্ধার হয় আমডাঙার তৃণমূল নেতা আবুল নাসারের। প্রথম থেকেই খুনের অভিযোগ তুলছে পরিবার। হাঁটু মোড়া অবস্থায় কেউ কখনও আত্মহত্যা করতে পারে না বলেও দাবি করেছেন স্বজনেররা। গোটা ঘটনার মাস্টারমাইন্ড হিসাবে নাম উঠে আসছে পণ্ডিতের। পরিবারের অভিযোগ, আবুলের সঙ্গে পণ্ডিতের জমি ব্যবসার দৌলতে প্রায় ৬ থেকে ৮ বছরের সম্পর্ক। করোনার সময় সোদপুরে রাস্তার ধারে একটি পাঁচ বিঘে জমি কেনেন পণ্ডিত, আবুল ও অন্য এক কারবারি। কয়েকমাস আগে এক কারবারি জমি বিক্রি করে দেয়। সুরাইইয়া বলেন, খাতায়-কলমে এখন সোদপুরে জমির মালিক নাসার এবং কৃষ্ণ পণ্ডিত। ক’দিন আগে স্বামী আমায় বলেছিল ‘সুদিন’ আসবে। আমি ভেবেছিলাম, ওই জায়গায় বড় কোনও ব্যবসা শুরু করবে। এখন শুনছি ওই ১৮ কোটি টাকার জমির বর্তমান মূল্য হয়ে গিয়েছে প্রায় ৫০ কোটি টাকা। তাই, ওঁকে সরিয়ে দিতে পারলে গোটা জমির মালিক পণ্ডিত। তাই, মহিলা নিয়ে গিয়ে পরিকল্পনামাফিক আবুলকে খুন করা হয়েছে।
সুরাইয়া বলেন, পুলিসের তদন্তে আমি আশা দেখতে পাচ্ছি না। ইতিমধ্যে স্বামীর রহস্যমৃত্যু নিয়ে মুখ্যমন্ত্রীর দপ্তরে অনুরোধ জানিয়েছি। পরিবারের সদস্যদের কথায়, হোটেলের সিসি ক্যামেরার ফুটেজও দেখতে দেওয়া হয়নি। এনিয়ে আমডাঙার তৃণমূল বিধায়ক রফিকুর রহমান বলেন, মৃতদেহ যাঁরা দেখেছে তাঁদের কথায়, পাঁজর ভাঙা, হাত ও পায়ে ক্ষত ছিল। আমার ধারণা এটা আত্মহত্যা হতে পারে না।