জয়পুর, ২০ ডিসেম্বর: কাকভোরে ভয়াবহ দুর্ঘটনা ঘটল। ঠিক যেন সিনেমার দৃশ্যে! আর সেই দুর্ঘটনার জেরে কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে। জখম বহু। আজ, শুক্রবার ভোর ৫টা ৩০ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে রাজস্থানের জয়পুরে ভানক্রোতার একটি পেট্রল পাম্পের বাইরে। জানা গিয়েছে, ওই পেট্রল পাম্পের বাইরে জয়পুর-আজমেঢ় জাতীয় সড়কের উপর সিএনজি ভর্তি একটি ট্রাক দাঁড়িয়েছিল। আচমকাই রাসায়নিক ভর্তি একটি লরি ওই ট্রাক-সহ রাস্তায় দাঁড়িয়ে থাকা কয়েকটি গাড়িতে সজোরে ধাক্কা মারে। এরপরই ওই ট্যাঙ্কারটি থেকে গ্যাস লিক হতে শুরু করে। পরে কোনওভাবে আগুন ধরে যায় সিএনজি ভর্তি ট্রাক-সহ সেখানে থাকা বেশ কয়েকটি গাড়িতে। দুর্ঘটনার কবলে পড়ে একটি যাত্রীবাহী বাসও। মুহূর্তের মধ্যে আগুনের গ্রাসে চলে আসে বহু গাড়ি, ট্রাক এবং যাত্রীবাহী বাসটি। এমনকী এই আগুন ছড়িয়ে পড়ে রাস্তার পাশে থাকা একটি পেট্রল পাম্পেও। সূত্রের খবর, সেখানকার পার্কিংয়ে থাকা কয়েকটি গাড়িতেও আগুন লেগে যায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ২০টি ইঞ্জিন ও পুলিস। দ্রুত আগুন নেভানোর কাজ শুরু করেন দমকল কর্মীরা। তাঁদের চিন্তার অন্যতম কারণ ছিল সড়ক সংলগ্ন পেট্রল পাম্পটি। যে কোনও মুহূর্তে আরও ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারত। তবে কয়েকঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল। পুলিস সূত্রে খবর, এই দুর্ঘটনা ও অগ্নিকাণ্ডের জেরে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১১ জনের। জখম ৩৬। আহতদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। শুরু হয়েছে চিকিৎসা। পুলিস সূত্রে খবর, জখমদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। জানা গিয়েছে, এই অগ্নিকাণ্ডের জেরে মোট ৪০-৪২টি গাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। খবর পেয়েই দুর্ঘটনাস্থলে পৌঁছন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মাও। এমনকী তিনি হাসপাতালে জখমদের দেখতেও যান। পরিস্থিতির খোঁজ নিতে মুখ্যমন্ত্রীকে ফোনও করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।



