Bartaman Logo
২৯ জুলাই, ২০২৬
Advertisement
বর্তমান / রাজ্য

জয়পুরে গোরু পাচার চক্রের আরও এক সদস্য গ্রেপ্তার

দক্ষিণবঙ্গজুড়ে গোরু পাচার চক্রের আরও এক সদস্যকে রবিবার রাতে জয়পুর থানার পুলিস দক্ষিণ ২৪পরগনা থেকে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম গৌরহরি কর। তার বাড়ি ওই জেলার কালীতলা থানার জগন্নাথপুরে।

জয়পুরে গোরু পাচার চক্রের আরও এক সদস্য গ্রেপ্তার
  • ৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বিষ্ণুপুর: দক্ষিণবঙ্গজুড়ে গোরু পাচার চক্রের আরও এক সদস্যকে রবিবার রাতে জয়পুর থানার পুলিস দক্ষিণ ২৪পরগনা থেকে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম গৌরহরি কর। তার বাড়ি ওই জেলার কালীতলা থানার জগন্নাথপুরে। সোমবার তাকে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক পুলিসি হেফাজতের নির্দেশ দেন। পুলিস জানিয়েছে, জয়পুর, কোতুলপুর ও তালডাংরায় গোরু চুরির ঘটনায় শুক্রবার রাতে চোরাই গোরুবোঝাই পিকআপভ্যান সহ পাঁচ দুষ্কৃতীকে ধরা হয়। তাদের জেরা করেই চক্রের আরও এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।  
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় গোরু চুরির ঘটনা ঘটলেও তার কিনারা করা যাচ্ছিল না। কয়েকদিন আগে জয়পুরের মাগুরা এবং কোতুলপুর থানা এলাকায় গৃহস্থের গোয়াল থেকে গোরু চুরির ঘটনা ঘটে। শুক্রবার রাতে ওই দলটি তালডাংরা এলাকা থেকে চুরি করে ফেরার খবর পেয়ে পুলিস জয়পুরের জরকা এলাকায় গোরুবোঝাই একটি পিকআপ ভ্যান আটক করে। পাঁচ দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়। চোরাই পাঁচটি গোরু আটক করা হয়। ধৃতদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, ভোজালি ও ছুরি বাজেয়াপ্ত করে। তাদের মধ্যে একজন লিঙ্কম্যানের বাড়ি জয়পুর থানা এলাকাতেই। বাকিদের বাড়ি দক্ষিণ ২৪পরগনা জেলায়। ধৃতরা আন্তঃজেলা গোরু পাচার চক্রের সঙ্গে জড়িত। বিভিন্ন জেলা থেকে গোরু চুরি করে তা দক্ষিণ ২৪পরগনার কসাইখানায় বিক্রি করে দেওয়া হতো। তাদের জেরা করে রবিবার রাতে ওই চক্রের আরও এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিস ওই চক্রের মাথা সহ গোটা চক্রটিকে ধরার চেষ্টা করছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ