নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা পুলিশের অন্তর্গত হওয়ার পরও রাতের বাসন্তী হাইওয়ে বিপজ্জনক। শনিবার রাতে বিনা হেলমেটে বাইকে চেপে জয়রাইডের বলি হলেন দুই যুবক। পুলিশ জানিয়েছে, মৃত দুই যুবকের নাম বাপন মণ্ডল (৩৫) ও বিমল মণ্ডল (৩৬)। তারা দু’জনেই কেএলসি থানা এলাকারই বাসিন্দা। স্থানীয় সূত্রের খবর, দু’জনেই হাড়িয়া গ্রামের বাসিন্দা। এদিন রাত ১১টা নাগাদ তাঁরা বাইক নিয়ে ঘুরতে বের হন। গাইডেন্স অ্যাকাডেমির সামনে দ্রুতগতির বাইকটি নিয়ন্ত্রণ হারায়। সরাসরি সেটি একটি পণ্যবাহী গাড়িতে গিয়ে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় চালক ও আরোহীর। লরিটি ঘটনাস্থল থেকে চম্পট দিয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বাইকটি প্রায় ৮০ কিমি গতিবেগে ছুটছিল। তার জেরে নিয়ন্ত্রণে রাখতে পারেননি চালক। দুর্ঘটনার অভিঘাতে দুমড়ে মুচড়ে গিয়েছে বাইকটি। তা দেখেই বাইকের গতিবেগ অনুমান করেছে পুলিশ। গত এপ্রিল মাসেও বাসন্তী হাইওয়েতে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। অটো ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ২ জনের। আজ, বুধবার সকালে দুর্ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগনার মিনাখাঁ গ্রাম পঞ্চায়েতের অফিস সংলগ্ন বাসন্তী হাইওয়েতে। ঘটনায় ২ জনের মৃত্যু পাশাপাশি আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন একটি যাত্রীবাহী অটোর সঙ্গে একটি প্রাইভেট গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। অটোর সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। গাড়িটিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। অন্যদিকে, শনিবার বেহালা থানা এলাকার মতিলাল গুপ্ত রোডে চলন্ত বাস থেকে নামতে গিয়ে পড়ে জখম হলেন এক কিশোর। তার নাম কিংশুক মণ্ডল (১৫)। শরীরের একাধিক জায়গায় চোট লাগে তার।