Bartaman Logo
১২ সেপ্টেম্বর, ২০২৬

নিয়োগ-পরীক্ষা বাতিলের দাবি চাকরিপ্রার্থীদের, তুমুল বিক্ষোভ, পাটনায় জলকামান, লাঠিচার্জ

জলকামানের সামনে শ্যাম্পু মেখে স্নান। ব্যারিকেডে চেপে দেদার হুল্লোড়। লাঠির আঘাতেও কিচ্ছু যায় আসে না।

নিয়োগ-পরীক্ষা বাতিলের দাবি চাকরিপ্রার্থীদের, তুমুল বিক্ষোভ, পাটনায় জলকামান, লাঠিচার্জ
  • ২৬ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

পাটনা: জলকামানের সামনে শ্যাম্পু মেখে স্নান।  ব্যারিকেডে চেপে দেদার হুল্লোড়।  লাঠির আঘাতেও কিচ্ছু যায় আসে না।  মঙ্গলবার দুর্নীতির অভিযোগে নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে ছাত্র আন্দোলনে এমনই ঘটনার সাক্ষী থাকল বিহারের পাটনা। বিক্ষোভকারীদের মরিয়া মেজাজ ও পুলিশের বাধা এড়ানোর চেষ্টা ঘিরে বাধল সংঘাতও। এই ঘটনায় কয়েকজন পুলিশকর্মী জখম বলে খবর। আটক করা হয় বেশ কিছু বিক্ষোভকারীকেও। পরীক্ষা নিয়ামক সংস্থার এক কর্তার ‘কুকুরের ঘেউ ঘেউ’ মন্তব্য নিয়েও তীব্র বিতর্ক দানা বেধেছে। এর প্রতিবাদে সরব আন্দোলনকারীরা। পাশে দাঁড়িয়েছে বিহারের বিরোধী দলগুলি। 

Advertisement

মঙ্গলবার পাটনার গান্ধী ময়দান থেকে বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর বাসভবন পর্যন্ত মিছিলের ডাক দেওয়া হয়। পুলিশের ব্যারিকেড ভেঙে মিছিল ডাকবাংলো চকে পৌঁছনোর পর পুলিশের সঙ্গে বচসা বেধে যায় বিক্ষোভকারীদের। তাদের  ছত্রভঙ্গ করতে জলকামান চালানো হয়।  কিন্তু তাতে লাভ হয়নি। জলকামানের সামনে ‘রেইন ড্যান্স’ শুরু করে । শ্যাম্পু মেখে স্নানও করতে দেখা যায় কয়েকজনকে। এরমধ্যে পুলিশকে লক্ষ্য করে  পাথর ছোড়া হয় বলেও অভিযোগ। এতে ডিএসপি কামাখ্যা নারায়ণ সিং-সহ কয়েকজন পুলিশকর্মী আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে। আনা হয় সাঁজোয়া গাড়িও। বিক্ষোভের নেপথ্যে একাধিক নিয়োগ পরীক্ষা নিয়ে অসন্তোষ। গত ১৮ আগস্ট থেকেই একাধিক দাবিতে গর্দনিবাগে আন্দোলন চালাচ্ছে পড়ুয়ারা। মূল অভিযোগ পরীক্ষায় দুর্নীতি নিয়ে। ৭০তম পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা (বিপিএসসি) বাতিল করে নতুন করে পরীক্ষার দাবি জানিয়েছে তারা। শিক্ষক নিয়োগের টিআরই ৪ পরীক্ষার পদ্ধতি নিয়েও আপত্তি তোলা হয়েছে। পরীক্ষার্থীদের ক্ষোভ উসকে দিয়েছে বিপিএসসির এগজাম কন্ট্রোলার রাজেশ কুমার সিংয়ের একটি মন্তব্য। পড়ুয়াদের আন্দোলন সংক্রান্ত প্রশ্নের জবাবে একটি প্রবাদ বাক্য ব্যবহার করে বলেন,  ‘হাতি চলল বাজার, কুকুর ঘেউ ঘেউ করে হাজার।’ এই মন্তব্যের প্রতিবাদ করেন বিরোধী দলনেতা তেজস্বী যাদব। সরব হয় সিজেপিও। এরপরই মঙ্গলবার মিছিলের ডাক দেওয়া হয়। তীব্র বিতর্কের মুখে রাজেশ ক্ষমা চেয়ে নিয়েছেন। তাঁর দাবি, ওই মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। ড্যামেজ কন্ট্রোলে নেমে মুখ্যমন্ত্রী তাঁকে সাসপেন্ডের নির্দেশ দিয়েছেন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ