নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: আর জি করে নির্যাতিতার বিচারের দাবিতে জুনিয়র ডাক্তাররা যে আন্দোলন করেছিলেন, তাকে তীব্র ভাষায় আক্রমণ করলেন সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র। তিনি বলেন, ‘বিচারের নামে তাঁরা মৃত চিকিৎসকের পরিবারের দুঃখকে ব্যবহার করার চেষ্টা করেছেন।’ রবিবার রাতে সোনারপুরে অপরাজিতা বিলের সমর্থনে একাধিক জায়গায় ধর্না কর্মসূচির আয়োজন করেছিল তৃণমূল কংগ্রেস। তেমনই একটি মঞ্চ থেকে লাভলি বলেন, ‘বিচারের নামে তিলোত্তমার মায়ের যন্ত্রণা ‘বিক্রি’ করে রাজনৈতিক মুনাফা লোটার চেষ্টা করা হয়েছে। এর সঙ্গে নিজেরা একটু আনন্দ ফূর্তিও করেছেন। লোকে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বলছে, ঠিকই তো। সারা রাত একসঙ্গে থাকা যাবে, গান-বাজনা হবে, নেশা-ভান হবে, বিরিয়ানি খাওয়া হবে। গোটা রাত যদি এভাবে কাটে, এর থেকে ভালো আর কী! তিলোত্তমা তো উপলক্ষ মাত্র।’



