Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

জঞ্জালের স্তূপে দৃশ্যদূষণ, এবার কোটি টাকায় বেড়া দেওয়া শুরু

জঞ্জালের স্তূপে দৃশ্যদূষণ, এবার কোটি টাকায় বেড়া দেওয়া শুরু
  • ১৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, কল্যাণী: শহরের আবর্জনা ফেলার জায়গার দূষণ নিয়ে দীর্ঘদিন ধরে একের পর এক অভিযোগ উঠেছে। সেখান থেকে আবর্জনা আশপাশের রাস্তায় ছড়িয়ে পড়ছে। সেই বিরাট আবর্জনার স্তূপ দৃশ্যদূষণও করছে। আর সেই দৃশ্যদূষণ ঢাকতেই এইবার ওই সুবিশাল এলাকা ঘিরে ফেলার কাজ শুরু হয়েছে কল্যাণী শহরে। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট বা কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের ৯৬ লক্ষ ৫৬ হাজার টাকায় বেড়া তৈরির কাজও শুরু হয়েছে।
Advertisement
শহরের ৯ নম্বর ওয়ার্ডে কল্যাণী-বারাকপুর এক্সপ্রেসওয়ের পাশে সমৃদ্ধি আবাসনের জমিতে অস্থায়ী ওই ডাম্পিং গ্রাউন্ড। বর্তমানে সেখানে কয়েক কিলোমিটার জুড়ে আবর্জনা ফেলা হচ্ছে। সেই আবর্জনার স্তূপে আবার কে বা কারা, বিশেষ করে রাতের দিকে মাঝেমধ্যে আগুন ধরিয়ে দেয়। সেই আগুন ছড়িয়েও পড়ে অনেকটা এলাকায়। সেখানকার ধোঁয়া ছড়িয়ে পড়ছে শহরে। এই ডাম্পিং গ্রাউন্ডের পিছনে একদিকে রয়েছে হরিজনপল্লি, অন্যদিকে আদিবাসীপল্লি। পাশেই রয়েছে কলেজ ও আবাসিক স্কুল। এইসব এলাকাতেই ডাম্পিং গ্রাউন্ডের ধোঁয়া ঢুকছে।
ডাম্পিং গ্রাউন্ড ঘিরে ফেলা হলে সেখানে পাহারায় থাকবেন পুরকর্মীরা। এছাড়া সিসি ক্যামেরার মাধ্যমেও নজরদারি চলবে। ফলে বাইরে থেকে কেউ সেখানে আগুন ধরানো বা আবর্জনা ফেলার কাজ করতে পারবেন না। জানা গিয়েছে, এক্সপ্রেসওয়ের দিকে ১৬ ফুট উচু এবং কলেজের দিকের রাস্তায় ১২ ফুট উচু বেড়া দেওয়া হবে। থাকবে দু’টি গেট। মোট ৯৬০ মিটার এলাকায় তৈরি হবে এই বেড়া। প্রথম দফায় ওই বেড়া তৈরির জন্য পিলার তৈরির কাজ শুরু হয়েছে। ওই সীমানার বেশিরভাগ অংশে নীল রঙের টিন বসানো থাকবে। আপাতত তিন বছরের জন্য সেখানে এই প্রকল্প চালানোর চিন্তাভাবনা নেওয়া হয়েছে। শহরের কাছারিপাড়া এলাকায় কঠিন বজ্র ব্যবস্থাপনা প্রকল্প তৈরির কাজ চলছে। সেটা তৈরি হয়ে গেলে এক্সপ্রেসওয়ের ধার থেকে এই প্রকল্প সরিয়ে সেখানে নিয়ে যাওয়া হবে।
এই বিষয়ে কল্যাণী পুরসভার চেয়ারম্যান নীলিমেশ রায়চৌধুরী বলেন, এই সীমানা-প্রাচীর বা ‘ভিউ কাটার’ তৈরি হয়ে গেলে দৃশ্যদূষণ যেমন হবে না, তেমনই বাইরের কেউ আর অপরিকল্পিতভাবে সেখানে আবর্জনা ফেলে চলে যেতেও পারবেন না। এলাকা পুরসভার নজরদারির মধ্যে থাকবে। - নিজস্ব চিত্র
সম্পর্কিত সংবাদ