নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ১৩-১৪ ডিগ্রির জানুয়ারি মাসেও রাজ্যজুড়ে বেশকিছু মানুষ আক্রান্ত হল ডেঙ্গুতে। এমনই চাঞ্চল্যকর তথ্য মিলল স্বাস্থ্যদপ্তর সূত্রে। সূত্রের খবর, বছরের প্রথম মাসেই রাজ্যজুড়ে আড়াইশোর বেশি মানুষ আক্রান্ত হয়েছে মশাবাহিত এই রোগে। ফলে জানুয়ারি-ফেব্রুয়ারিতে যে ডেঙ্গু হবে না, সেই তথ্য সম্পূর্ণ নস্যাৎ করে দিল রোগের পরিসংখ্যান। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বরং জানাচ্ছেন, ভাইরাসঘটিত এই রোগ ক্রমেই চরিত্র বদলাচ্ছে। জুলাই-অক্টোবরের বাঁধা ধরা ছকের মধ্যে তাদের দাপট আর আটকে নেই। টিকে থাকার জন্য বিশেষ কৌশল নিয়ে সে এখন বছরভর দাপট দেখিয়ে বেড়াচ্ছে।
Advertisement
স্বাস্থ্যদপ্তর সূত্রে জানুয়ারির ২৯ তারিখ পর্যন্ত ডেঙ্গুর পরিসংখ্যান মিলেছে। তাতে ১৬টি জেলার তথ্যের উল্লেখ করা হয়েছে। দেখা যাচ্ছে, বছরের চতুর্থ সপ্তাহ পর্যন্ত রাজ্যে সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা ২৬২। পরিসংখ্যানে প্রথম পাঁচটি জেলার সবই দক্ষিণবঙ্গের—মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি এবং দুই ২৪ পরগনা। বছরের শুরুতেই এত সংক্রমণ, তাহলে কি এবছর দুশ্চিন্তায় ফেলতে পারে ডেঙ্গু? এমনই প্রশ্ন ইতিমধ্যেই ঘুরতে শুরু করে দিয়েছে স্বাস্থ্যদপ্তরের অন্দরে।



