Bartaman Logo
২৭ মে, ২০২৬

জন্মভূমির মাটি ও জল নিয়ে বন্ধু মোহনার সঙ্গে দেখা করেন আলি

জন্মভূমির মাটি ও জল নিয়ে বন্ধু মোহনার সঙ্গে দেখা করেন আলি
  • ২৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নয়াদিল্লি: ২০০৮ সাল। দেশের প্রধানমন্ত্রীর কুর্সিতে তখন মনমোহন সিং। সেইসময় একদিন পাকিস্তান থেকে দিল্লি আসেন এক ব্যক্তি। নাম রাজা মহম্মদ আলি। ইচ্ছে প্রধানমন্ত্রীর সঙ্গে একবার দেখা করবেন। তারপরের দৃশ্য ভোলার নয়। শৈশবের দিনের মতোই একে অন্যকে জড়িয়ে ধরলেন তাঁরা। মাঝে কেটে গিয়েছে বহুবছর। কিন্তু দেশভাগ, পদমর্যাদা, ক্ষমতা, কোনওকিছুই সেই নিখাদ বন্ধুত্বের মাঝে আসতে পারেনি। আর আসবেই বা কেন ? আলির ছোটবেলার বন্ধু ‘মোহনা’ যে বরাবরই এমন সরল, সহজ।
Advertisement
১৯৩২ সালের ২৬ সেপ্টেম্বর। অবিভক্ত ভারতে পাঞ্জাব প্রদেশের গাহ গ্রামে (বর্তমানে পাকিস্তানে) জন্ম মনমোহন সিংয়ের। শুরু থেকেই আলির সঙ্গে বন্ধুত্ব। একসঙ্গে প্রাথমিক স্কুলে পড়াশোনাও করেন দু’জনে। কিন্তু দেশভাগ দুই বন্ধুকে আলাদা করে দেয়। ২০০৪ সালে মনমোহনের প্রধানমন্ত্রী হওয়ার খবর পৌঁছয় গাহর গ্রামের বাড়িতে। সেই থেকে বন্ধুর সঙ্গে দেখা করার ইচ্ছে। শেষমেশ ২০০৮ সালে বন্ধুর সঙ্গে দেখা করার সুযোগ মেলে। সেবার বন্ধুর জন্য জন্মভূমি গাহ থেকে মটি ও জল এনেছিলেন আলি। বন্ধুকে একটি ১০০ বছরের পুরোনো শালও উপহার দেন। আর মনমোহন সিংয়ের স্ত্রী গুরশরণ কাউরকে উপহার দেন দুটো শালোয়র কামিজ স্যুটস। বাল্যবন্ধুকে পাগড়ি, শাল ও টাইটানের একটি ঘড়ি উপহার দেন মনমোহন। দু’বছর পর ২০১০ সালে মৃত্যু হয় আলির। বৃহস্পতিবার না ফেরার দেশে পাড়ি দিয়েছেন বন্ধু মোহনাও। শুধু থেকে গেছে সেই স্মৃতি।
সম্পর্কিত সংবাদ