সংবাদদাতা, জঙ্গিপুর: জাতীয় কংগ্রেসের দ্বিতীয়বার সভাপতি হয়ে জঙ্গিপুরে এসেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। কংগ্রেসের একটি সভায় জঙ্গিপুরে তিনি ভাষণও দিয়েছিলেন। তাঁর স্মৃতিবিজড়িত ওই স্থানটিকে স্মরণীয় করে রাখতে মহাবীরতলায় সদরঘাট গঙ্গার পাড়ে নেতাজি সুভাষ শিশুপার্ক গড়ে ওঠে। তাঁর আবক্ষ মূর্তিও বসানো হয়। তবে এই পার্কে দেখা মেলে না কোনও পর্যটকের। আসে না কোনও শিশুর দল। বছরের বেশিরভাগ সময় অবহেলায় পড়ে থাকে পার্কটি। নেতাজির মূর্তিটিও অযত্নে পড়ে থাকে। গত বছর জন্মদিনেও মালা কিংবা একটু শ্রদ্ধাঞ্জলি মেলেনি। ফলে ক্ষুব্ধ এলাকার মানুষ। এবার স্থানীয় একটি ক্লাব তাঁর মূর্তিতে মাল্যদান করতে তোড়জোড় শুরু করেছে। দু’দিন আগে থেকেই মূর্তি সহ গোটা পার্কটিকে সাফ সুতরো করা হচ্ছে। জঙ্গিপুর পুর প্রশাসক মফিজুল ইসলাম বলেন, বছর পাঁচেক আগেই পার্কটিকে সংস্কার করে সৌন্দর্যায়ন করা হয়েছে। তবে, এসবের জন্য পর্যাপ্ত পরিমাণে অর্থ এলে আবার পার্কটির সংস্কার করা হবে।



