Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

জঙ্গিপুর কলেজের ভবন ভাড়া দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ

জঙ্গিপুর কলেজের ভবন ভাড়া দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ
  • ১৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, জঙ্গিপুর: জঙ্গিপুর কলেজের অ্যানেক্স বিল্ডিং একটি বেসরকারি মেডিক্যাল কলেজকে ভাড়া দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ দেখাল ছাত্র পরিষদ। বুধবার সকালে কলেজ হোস্টেলের কাছে অ্যানেক্স বিল্ডিংয়ের সামনে তারা দফায় দফায় বিক্ষোভ দেখায়। তাতে কংগ্রেসের কর্মীসমর্থকরাও অংশ নেয়। কলেজের বিল্ডিং ছাত্রছাত্রীদের কাজে ব্যবহার না করে কেন বেসরকারি প্রতিষ্ঠানকে ভাড়া দেওয়া হচ্ছে-তাঁরা সেবিষয়ে প্রশ্ন তোলেন। অবিলম্বে সেই বিল্ডিং বেসরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে ফিরিয়ে নিয়ে ছাত্রছাত্রীদের কাজে ব্যবহারের দাবিও তোলা হয়েছে।
Advertisement
কংগ্রেসের জঙ্গিপুর পূর্বপাড় টাউন সভাপতি মোহন মাহাত বলেন, এই কলেজ এলাকাবাসীর কাছে গর্বের প্রতিষ্ঠান। আশপাশের কয়েকটি জেলা থেকে ছেলেমেয়েরা এখানে পড়তে আসে। এমন একটি ঐতিহ্যবাহী কলেজের বিল্ডিংকে বেসরকারি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া হয়েছে। এটা মেনে নেওয়া যায় না। আমরা আগামী দিনে কলেজ ঘেরাও করব।
এবিষয়ে জঙ্গিপুর কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, বিল্ডিংটি কয়েকবছর ধরে পড়ে রয়েছে। সেটি রক্ষণাবেক্ষণ করতেই প্রচুর টাকা খরচ হয়। শিক্ষাদপ্তরের নির্দেশ মেনে খুব অল্প সময়ের জন্য সেটি ভাড়া দেওয়া হয়েছে। ওই বেসরকারি মেডিক্যাল কলেজের মালিক তথা জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন এবিষয়ে কোনও মন্তব্য করতে চাননি।
Advertisement
সম্পর্কিত সংবাদ