তিরুবনন্তপুরম: উপ নির্বাচনকে কেন্দ্র করে ওয়েনাড়ের জমি দখল করতে ইতিমধ্যেই প্রচারে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। রাহুল গান্ধীর ছেড়ে আসা আসন জিততে কার্যত মরিয়া হয়ে উঠেছেন বোন প্রিয়াঙ্কা গান্ধী। লড়াইয়ে রয়েছেন শাসক বাম জোট ও বিজেপি। ভোট প্রচারে তাই প্রিয়াঙ্কাকে আক্রমণ করতে দ্বিধা করলেন না কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। বাম নেতার কথায়, জামাত-ই-ইসলামির সাহায্য নিয়ে ভোটে লড়ছেন প্রিয়াঙ্কা। তাদের সমর্থন পেয়েই প্রিয়াঙ্কার এই বাড়বাড়ন্ত। বৃহস্পতিবার একটি ফেসবুক পোস্টে বিজয়ন জানান, এবারের উপ নির্বাচনেই কংগ্রেসের ধর্মনিরপেক্ষতার মুখোশ সম্পূর্ণভাবে খুলে পড়বে। আসলে ওয়েনাড়ে জামাত-ই-ইসলামি সমর্থিত প্রার্থী হিসেবেই লড়ছে তাদের প্রার্থী। আমাদের দেশ জামাত-ই-ইসলামি সম্পর্কে অপরিচিত নয়। ওই সংগঠনের মতাদর্শে গণতান্ত্রিক মূল্যবোধের কোনও জায়গা নেই। এরা ছদ্মবেশে ওয়েলফেয়ার পার্টির মধ্য দিয়ে নিজেদের কার্যসিদ্ধি করার চেষ্টা করছে। আর সম্প্রতি এই ওয়েলফেয়ার পার্টি কংগ্রেসকে সমর্থন জানিয়েছে।



