শ্রীনগর, ৭ নভেম্বর: আজ, বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের কুপওয়ারায় শেষ হল নিরাপত্তারক্ষীদের বিশেষ অভিযান। সূত্রের খবর, এই অভিযানে মৃত্যু হয়েছে এক জঙ্গির। পাশাপাশি, উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্রও। গত মঙ্গলবার সন্ধ্যা থেকেই কুপওয়ারা এবং বান্দিপোরায় সেনার তল্লাশি অভিযান শুরু হয়। বান্দিপোরার কেতসুনের জঙ্গলে চিরুনি তল্লাশি শুরু করে সেনা ও জম্মু-কাশ্মীর পুলিসের যৌথবাহিনী। এলাকায় জওয়ানদের আসার পরই তাঁদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকা জঙ্গিরা। পাল্টা জবাব দেন জওয়ানরাও। শুরু হয় গুলির লড়াই। বান্দিপোরায় নিরাপত্তারক্ষীদের গুলিতে এক জঙ্গির মৃত্যু হয়েছে। তবে সে কোন জঙ্গি সংগঠনের সদস্য তা এখনও পর্যন্ত জানা যায়নি। ওই এলাকায় অপর কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কী না তা জানতে তল্লাশি চালাচ্ছে সেনা। পাশাপাশি কুপওয়ারাতেও জঙ্গি লুকিয়ে রয়েছে বলে জানা যায়। এরপরই ওই এলাকা ঘিরে তল্লাশি অভিযান শুরু করে যৌথ বাহিনী। অভিযান চালানোর আচমকাই জওয়ানদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। এরপর যৌথ বাহিনী পাল্টা গুলি চালালে একজন জঙ্গির মৃত্যু হয়। সূত্রের খবর, তার কাছ থেকে প্রচুর অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে।



