ফিরদৌস হাসান, শ্রীনগর: রাজ্যের ছুটির তালিকা থেকে পড়েছে শেখ আবদুল্লার জন্মদিন। এই ঘটনায় জম্মু ও কাশ্মীরে জোর বিতর্ক দানা বেধেছে। সম্প্রতি ২০২৫ সালের ছুটির তালিকা প্রকাশ করেছে লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার দপ্তর। সেই তালিকায় এবার ঠাঁই হয়নি ন্যাশনাল কনফারেন্সের প্রতিষ্ঠাতার জন্মদিন। পূর্বতন জম্মু ও কাশ্মীর রাজ্য গঠনে শেখ আবদুল্লার ভূমিকা অনস্বীকার্য। তাঁকে ‘লায়ন অব কাশ্মীর’ বলে ডাকা হয়। চার দশকেরও বেশি সময় ধরে ৫ ডিসেম্বর তাঁর জন্মদিন সাড়ম্বরে পালিত হয়ে আসছে। ওই দিন সরকারিভাবে ছুটিও থাকে। কিন্তু নতুন ইংরেজি বছরে সেই পরম্পরায় ছেদ পড়তে চলেছে।
Advertisement
লেফটেন্যান্ট গভর্নরের সিদ্ধান্তের সমালোচনা করেছে জম্মু ও কাশ্মীরের শাসক দল ন্যাশনাল কনফারেন্স। দলের মুখপাত্র তথা বিধায়ক তনবীর সাদিক বলেন, ভূস্বর্গের ঐতিহ্যের প্রতি বিজেপির যে কোনও শ্রদ্ধাই নেই, তা এই ঘটনা থেকেই আরও একবার প্রমাণিত হল। তাঁর কথায়, ‘শের-ই কাশ্মীর’ শেখ আবদুল্লার অবদানকে আরও ভালোভাবে তুলে ধরা হবে বলে আমরা আশা করেছিলাম। পাশাপাশি,পূর্বতন ডোগরা রাজাদের বিরোধিতা করে ১৯৩১ সালের ১৩ জুলাই শহিদ হয়েছিলেন অনেকে। সেই দিনকেও ছুটির তালিকায় অন্তর্ভূক্ত করা হবে বলে আশা করছিলাম আমরা। কিন্তু সেই আশা পূরণ হল না। তবে এসব করে তাঁদের অবদানকে খাটো করা যাবে না।’ লেফটেন্যান্ট গভর্নরের সিদ্ধান্তের সমালোচনা করেছেন সিপিএম বিধায়ক মহম্মদ ইউসুফ তারিগামি। তিনি বলেন, ‘ভূস্বর্গের সবচেয়ে শ্রদ্ধেয় ব্যক্তি ছিলেন শেখ আবুদল্লা। স্বাধীনতা সংগ্রাম, জম্মু ও কাশ্মীরের মানুষের ক্ষমতায়নে তাঁর অবদান অনস্বীকার্য।’



