নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: বুধবার জামালপুর এবং চকদিঘি হাইস্কুলে দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শন করেন আধিকারিকরা। ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের জয়েন্ট সেক্রেটারি শম্পা হাজরা, অতিরিক্ত জেলাশাসক বিশ্বরঞ্জন মুখোপাধ্যায় সহ অন্যান্য আধিকারিকরা শিবিরে আসা লোকজনদের সঙ্গে কথা বলেছেন। জামালপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান বলেন, আধিকারিকদের সঙ্গে জনপ্রতিনিধিরাও দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শন করেছেন। অনেকে শারীরিক কারণে ক্যাম্পে আসতে পারেন না। তাঁদের সহযোগিতা করা হচ্ছে। প্রশাসন সূত্রে আরও জানা গিয়েছে, এদিন পর্যন্ত ২ লক্ষ ২ হাজার ৯০২টি আবেদনপত্র জমা পড়েছে। ৩৭টি প্রকল্পের জন্য আবেদন করা যাচ্ছে।



