Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

জামালদহে রাস্তা আটকে বাইক ছিনতাইয়ের চেষ্টা

বাজার থেকে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীদের কবলে পড়লেন এক যুবক। জোর করে ওই যুবকের কাছ থেকে বাইক ছিনতাইয়ের চেষ্টা করে দুষ্কৃতীরা। এমনই অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের জামালদহ গ্রাম পঞ্চায়েত এলাকায়।

জামালদহে রাস্তা আটকে বাইক ছিনতাইয়ের চেষ্টা
  • ২৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, মেখলিগঞ্জ: বাজার থেকে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীদের কবলে পড়লেন এক যুবক। জোর করে ওই যুবকের কাছ থেকে বাইক ছিনতাইয়ের চেষ্টা করে দুষ্কৃতীরা। এমনই অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের জামালদহ গ্রাম পঞ্চায়েত এলাকায়। 
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাত ৯টা নাগাদ জামালদহ বাজার থেকে বাইক নিয়ে বাড়ি ফিরছিলেন নুনিয়াটারির বাসিন্দা মিঠুন বর্মন। সেই সময় মাথাভাঙা-চ্যাংরাবান্ধা রাজ্যসড়ক থেকে একটু দূরে ১৯১ নম্বর জামালদহ এলাকায় তাঁর পথ আটকায় তিন দুষ্কৃতী। বাইকের চাবি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তারা। কিন্তু কোনওক্রমে ছিনতাইকারীদের কবল থেকে পালিয়ে রক্ষা পান ওই যুবক। বৃহস্পতিবার জামালদহ পুলিস ফাঁড়িতে গিয়ে ওই যুবক অভিযোগ জানিয়েছেন। মেখলিগঞ্জ থানার ওসি মণিভূষণ সরকার বলেন, পাশেই চৌরঙ্গিতে একটি অনুষ্ঠান চলছিল। ঘটনার সত্যতা যাচাই করে দেখা হচ্ছে। 
রাতেই এই ঘটনা নিয়ে প্রতিবেশী এক যুবক সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছিলেন। সেখানে উল্লেখ করা হয়, বন্দুক ঠেকিয়ে বাইক ছিনতাইয়ের চেষ্টা করা হয়েছে। এই পোস্ট ঘিরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে পুলিসও খোঁজখবর শুরু করে। এদিন অবশ্য সেই পোস্টটি সরিয়ে নেওয়া হয়। মিঠুন বর্মন বলেন, প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছিলাম। আচমকা তিনজন পথ আটকে বাইক থেকে চাবি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। কিন্তু গতি বাড়িয়ে পালিয়ে আসি। আতঙ্কে সারারাত ঘুমোতে পারিনি। পুলিসের কাছে বিষয়টি জানিয়েছি। 
সম্প্রতি জামালদহ গ্রাম পঞ্চায়েত এলাকায় দিনের আলোয় একাধিক চুরির ঘটনা ঘটেছে। এরই মধ্যে রাতের অন্ধকারে বাইক ছিনতাইয়ের চেষ্টার ঘটনা জানাজানি হতেই এলাকার মানুষের আতঙ্ক বেড়ে গিয়েছে। পুলিসের নজরদারি বাড়ানোর দাবি উঠেছে। পাশাপাশি, জামালদহে একটি আউটপোস্ট স্থাপনের জোরালো দাবি উঠেছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ