নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: ভাটপাড়া, জগদ্দল মানেই বোমার শব্দ, শ্যুটআউট। গত কয়েক বছর ধরে এটাই দস্তুর বারাকপুর শিল্পাঞ্চলের এই এলাকায়। সেখানে খেলা, মেলা, সঙ্গীতানুষ্ঠান, উৎসব করার উদ্যোগকে স্বাগত জানাচ্ছে বিভিন্ন মহল। গত শুক্রবার সন্ধ্যায় জগদ্দল উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিস কমিশনার অলক রাজোরিয়া, প্রবীণ সাংসদ সৌগত রায়, বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ, আমডাঙার বিধায়ক রফিকুর রহমান প্রমুখ। সৌগত রায় বলেন, যুব সমাজ যাতে অপসংস্কৃতির দিকে ধাবিত না হয়, তার জন্যই জগদ্দল উৎসবের আয়োজন করা হয়েছে। শ্যামনগরের অন্নপূর্ণা কটন মিলের মাঠে এই উৎসবে পাখি মেলা, পুষ্প মেলা, খাদ্য মেলা হচ্ছে। রয়েছে একাধিক স্টল। এবার মেলা ও সঙ্গীতানুষ্ঠান সূচনা একসঙ্গেই হয়েছে। নচিকেতা, পলক মুছাল, রুপম ইসলামের শিল্পীরা মঞ্চ মাতাবেন। আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত উৎসব চলবে।



