Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে বসিরহাটে খুন তৃণমূল কর্মী, আটক ২

জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে বসিরহাটে খুন তৃণমূল কর্মী, আটক ২
  • ১২ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব সংবাদদাতা, বসিরহাট: বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে এক ব্যক্তিকে গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন! চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাট থানার নাকুয়াদহ এলাকায়। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম আনন্দ সরকার। তিনি এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত। ওই এলাকায় বাড়ির সঙ্গেই দোকান রয়েছে আনন্দবাবুর। গতকাল, সোমবার সেই দোকান বন্ধ করে তিনি যখন বাড়িতে ঢোকেন তখন রাত্রিবেলায় বাইকে করে আসে কয়েকজন অপরিচিত ব্যক্তি। তারাই ওই তৃণমূল কর্মীকে ফোন করে বাড়ির বাইরে বেরোতে বলে। অভিযোগ, আনন্দবাবু বাড়ির বাইরে বেরোতেই তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে ওই অপরিচিত ব্যক্তিরা। তাঁর মাথায় গুলি লাগে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে মৃত্যু হয় আনন্দ সরকারের। গুলির আওয়াজ শুনে বাড়ির লোকেরা ও প্রতিবেশীরা ছুটে এসে দেখেন রাস্তার উপরেই পড়ে রয়েছে আনন্দবাবুর মৃতদেহ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বসিরহাট থানার পুলিসও। অভিযোগ, শুধুই গুলি চালানোই নয়, আনন্দবাবুর মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে একাধিকবার কোপায় ওই দুষ্কৃতীরা। বর্তমানে অকুস্থলে বসানো হয়েছে পুলিস পিকেট। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে তাঁকে খুন করা হয়েছে। তবে খুনের সঠিক কারণ জানতে তদন্ত শুরু করছে বসিরহাট থানার পুলিস। ইতিমধ্যেই তদন্তে নেমে দু’জনকে আটক করেছেন তদন্তকারীরা। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ