Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

জমি জটে আটকে রয়েছে আমতলা বাইপাসের কাজ

জমি জটে আটকে রয়েছে আমতলা বাইপাসের কাজ
  • ৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: জমি দিতে অনিচ্ছুক কয়েকজন বাসিন্দার জন্য আটকে রয়েছে আমতলা বাইপাসের কাজ। এক বছরেরও বেশি সময় পেরিয়ে গিয়েছে, বন্ধ চার কিলোমিটার দীর্ঘ এই রাস্তার কাজ। ফলে কবে বাইপাস রাস্তা পুরোপুরি তৈরি হবে এবং জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। এই রাস্তার জন্য বহু মানুষ জমি দান করেছেন। এখন চণ্ডী গ্রাম পঞ্চায়েতের ব্রহ্মচারী পোলের কাছে কয়েক শতক জমি প্রয়োজন। এখানেই জমি জট তৈরি হয়েছে। কারণ যাঁদের জমি, তাঁদের বহুদিন ধরে নানাভাবে বোঝানো হলেও এখনও বরফ গলেনি। পরিবহণ দপ্তরের প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল বলেন, ৮-১০ জন বাসিন্দা রয়েছেন, যাঁদের জমির উপর দিয়ে এই রাস্তা যাবে। ওই জমি এখনও মেলেনি। তাঁদের বোঝানোর কাজ চলছে। আশা করছি, তাঁরা দ্রুত সরকারের প্রস্তাব মেনে নেবেন এবং প্রয়োজনীয় জমি সরকারকে দান করবেন।
Advertisement
আমতলার যানজট নিয়ে সকলেই তিতিবিরক্ত। সারাদিন যানজট লেগেই থাকে। কখনও কখনও গাড়ির লাইন বিষ্ণুপুর থানার কাছাকাছি পর্যন্ত চলে যায়। এই যন্ত্রণা থেকে কবে মিলবে মুক্তি, এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে স্থানীয় বাসিন্দাদের মনে। বিষ্ণুপুর এবং সাতগাছিয়া বিধানসভার বেশ কিছু এলাকার উপর দিয়ে যাবে বাইপাস। যাঁরা ইতিমধ্যেই জমি দান করেছেন, সেই জায়গায় প্রাথমিক কাজ সেরে রেখেছে প্রশাসন। জমি দিতে যাঁরা অনিচ্ছুক, তাঁদের বোঝানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রশাসনের আধিকারিকরা। তাঁরা জমির বদলে কিছু সুযোগ সুবিধা চেয়েছেন। যা সরকারিভাবে দেওয়া সম্ভব নয় বলে মনে করছেন অফিসাররা। যতদিন না ওই বাসিন্দারা জমি দিচ্ছেন, ততদিন এই প্রকল্পের কাজ ঝুলেই থাকবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ