মাইসুরু: দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হল স্বয়ং মুখ্যমন্ত্রীকে। এমন ঘটনা ঘিরে উত্তাল কর্ণাটকের রাজনীতি। মাইসুরু নগরোন্নয়ন পর্ষদের আওতায় ১৪টি জমি নিজের স্ত্রীর নামে বেআইনিভাবে বরাদ্দ করেছেন। এমন অভিযোগ উঠেছে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার বিরুদ্ধে। দায়ের হয়েছে মামলাও। সেই মামলাতেই বুধবার লোকাযুক্ত পুলিসের দপ্তরে হাজিরা দিলেন মুখ্যমন্ত্রী। এদিন তাঁকে প্রায় ২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। সেখান থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। তদন্তকারীদের প্রকৃত ঘটনা জানিয়েছেন।
Advertisement
লোকাযুক্ত পুলিসের দায়ের মামলায় অন্যতম অভিযুক্ত সিদ্ধারামাইয়া। যদিও প্রথম থেকেই তিনি এই মামলাকে চক্রান্ত বলে দাবি করে এসেছেন। এদিন মুখ্যমন্ত্রী তাঁর বিরুদ্ধে ওঠা এই অভিযোগ নিয়ে বলেন, ‘সবকিছু আইন মেনেই হয়েছে। বিজেপি আর জেডিএস মিথ্যা অভিযাগ তুলছে। লোকায়ুক্ত পুলিস যা যা প্রশ্ন আমাকে করেছে, আমি সবই উত্তর দিয়েছি। তা রেকর্ড করা হয়েছে। এবার তারা তাদের কাজ করবে।’ এই মামলায় লোকায়ুক্ত পুলিস স্বতঃপ্রণোদিতভাবে এফআইআর দায়ের করে। এর আগে মুখ্যমন্ত্রীর স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করেছে পুলিস। এবার তদন্তকারীদের সামনে হাজিরা দিলেন মুখ্যমন্ত্রী স্বয়ং।



