নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: রাজারহাটে জলাশয় ভরাট রুখল প্রশাসন। পশ্চিম পাথরঘাটা এলাকায় রাস্তার ধারেই একটি জলাশয় ভরাট করা হচ্ছিল। খবর পেয়ে বুধবার সেখানে ব্লক প্রশাসন অভিযান চালায়। ভরাট বন্ধ করার পাশাপাশি, যে মাটি ফেলা হয়েছিল, তা মেশিন দিয়ে তুলেও দেওয়া হয়।
Advertisement
প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গাড়িতে করে মাটি নিয়ে গিয়ে ওই জলাশয় ভরাট করা হচ্ছিল। স্থানীয় বাসিন্দারা এ ব্যাপারে প্রতিবাদও জানিয়েছিলেন। কিন্তু, কোনও ফল হয়নি। পরে ব্লক প্রশাসন ঘটনাটি জানতে পেরেই স্থানীয় গ্রাম পঞ্চায়েতকে নির্দেশ দেয়, অবিলম্বে ওই ভরাট বন্ধ করতে হবে। সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে পঞ্চায়েতের পক্ষ থেকে জলাশয় ভরাট বন্ধ করে দেওয়া হয়। সেই সঙ্গে জলাশয়ের মালিককেও একটি নোটিস দেওয়া হয়েছে।



