Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

জুয়েলারি সংস্থার সোনা হাতিয়ে ধৃত ২

জুয়েলারি সংস্থার সোনা হাতিয়ে ধৃত ২
  • ১২ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নামী জুয়েলারি সংস্থা থেকে গয়না তৈরির জন্য সোনা নিয়ে তাদের সঙ্গে প্রতারণার অভিযোগ। ঘটনায় জড়িত সন্দেহে দু’জনকে গ্রেপ্তার করেছে শেক্সপিয়র সরণি থানা। তাদের বিরুদ্ধে ৫০ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ রয়েছে। চক্র গড়ে অভিযুক্তরা এই কারবার চালাচ্ছিল বলে অভিযোগ।
Advertisement
শেক্সপিয়র সরণি সহ কলকাতার একাধিক জায়গায় ওই জুয়েলারি সংস্থার দোকান রয়েছে। মাসখানেক আগে শেক্সপিয়র সরণিতে ওই সংস্থায় আসে দু’জন। তারা জানায়, বিভিন্ন জুয়েলারি দোকান থেকে সোনা নিয়ে তারা আধুনিক নকশার অলঙ্কার তৈরি করে। বেশ কিছু নমুনাও দেখায় তারা। এরপর তাদের সঙ্গে ওই সংস্থার চুক্তি হয়। সেই মতো ৫০ লক্ষ টাকার সোনার বাট দেওয়া হয় তাদের। কয়েকমাস পর দুই অভিযুক্ত সোনার গয়না তৈরি করে জমাও দেয় ওই সংস্থায়। কিন্তু তাদের দেওয়া গয়নাগুলি পরীক্ষার জন্য পাঠানো হলে জানা যায়, তাতে প্রচুর তামা দেওয়া হয়েছে। সোনা প্রায় নেই বললেই চলে। এরপরই শেক্সপিয়র সরণি থানায় অভিযোগ হয়।
পুলিস ওই দুই প্রতারকের মোবাইল নম্বর জোগাড় করে। দেখা যায়, তারা নিউটাউনে রয়েছে। তদন্তকারী অফিসাররা সেখানে পৌঁছে দু’জনকে গ্রেপ্তার করেন। উদ্ধার হয়েছে একটি গাড়ি ও সোনা। জানা যায়, এর মধ্যে একজন উত্তরপ্রদেশের, অন্যজন কলকাতার বাসিন্দা। উত্তরপ্রদেশের বাসিন্দাই প্রতারণা কারবারের মাথা। 
সম্পর্কিত সংবাদ