নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: জনসংযোগ যাত্রায় বেরিয়ে জলের অবৈধ লাইন কেটে দিলেন চুঁচুড়ার বিধায়ক। রবিবার কোদালিয়া-১ গ্রাম পঞ্চায়েতের ১৫৬ ও ১৫৭ নম্বর বুথে ওই ঘটনা ঘটেছে। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতেই বিধায়ক অসিত মজুমদারের এদিন ওই পদক্ষেপ করেন। জানা গিয়েছে, ওই এলাকায় চুঁচুড়া-মগরা ব্লকের পক্ষ থেকে সম্প্রতি জলজীবন মিশনের পাইপলাইন দেওয়া হয়েছে। সেখান থেকেই অবৈধভাবে একাধিক বাসিন্দা জল নিয়েছিলেন। কেউ কেউ তা বাণিজ্যিকভাবেও ব্যবহার করা শুরু করেছিলেন। সম্প্রতি বিষয়টি নিয়ে বাসিন্দাদের অভিযোগ কানে আসে বিধায়কের। রবিবার তিনি জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের অফিসারদের নিয়ে ঘটনাস্থলে যান। বিধায়কের নির্দেশে অফিসাররা অবৈধ জলের পাইপ কেটে দেন। বিধায়ক বলেন, অবৈধভাবে এই জল সংগ্রহের কারণে যাঁরা বৈধ উপভোক্তা, তাঁরা সঠিকভাবে জল পাচ্ছেন না। তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হয়েছে।



