Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

জলের দাবিতে গামলা-বালতি নিয়ে আমতায় রাস্তা অবরোধ

জলের দাবিতে গামলা-বালতি নিয়ে আমতায় রাস্তা অবরোধ
  • ১৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, উলুবেড়িয়া: দীর্ঘদিন ধরে এলাকায় পানীয় জলের সমস্যা। স্থানীয় গ্রাম পঞ্চায়েতে একাধিকবার সে কথা বলা হলেও সমাধান হয়নি। তাই পথ অবরোধ করলেন গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে, উলুবেড়িয়া উত্তর বিধানসভার আমতার উদং ১ গ্রাম পঞ্চায়েতের ফতেপুর গ্রামে। প্রায় আধঘণ্টা চলার পর গ্রামবাসীরা অবরোধ তুলে নেন।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ফতেপুর গ্রামে প্রায় দেড় হাজার পরিবারের বসবাস। অভিযোগ, দীর্ঘদিন ধরে এই গ্রামের পরিবারগুলি পানীয় জল পাচ্ছে না। তাই পানীয় জলের দাবিতে বৃহস্পতিবার বিকেলে ওই গ্রামের মহিলারা হাতে বালতি গামলা নিয়ে বাগনান আমতা রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, আগে বাড়ি বাড়ি পানীয় জলের সংযোগ ছিল। কিন্তু এক বছর আগে নতুন পাইপলাইন পাতার জন্য পুরনো সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এরপর নতুন পাইপলাইন পাতার কাজ শুরু হওয়ার পর মাস ছয়েক আগে নতুন লাইন থেকে পানীয় জল দেওয়া শুরু হয়। কিন্তু  কয়েকদিনের মধ্যেই নতুন পাইপলাইন থেকে জল দেওয়া বন্ধ করে দেওয়া হয়। আর তারপর থেকে দীর্ঘদিন হয়ে গেল, পানীয় জল পাওয়া যাচ্ছে না। তাঁদের অভিযোগ, এই ব্যাপারে একাধিকবার স্থানীয় গ্রাম পঞ্চায়েতে অভিযোগ জানানো হলেও কোনও সুরাহা হয়নি।
এদিন ক্ষুব্ধ গ্রামবাসীরা বলেন, বৃহস্পতিবার প্রতীকী রাস্তা অবরোধ হয়েছে। সোমবারের মধ্যে সমস্যার সমাধান না হলে রাস্তা অবরোধের পাশাপাশি গ্রাম পঞ্চায়েত ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন তাঁরা। এদিকে, ফতেপুর গ্রামে পানীয় জলের সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন উদং ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান অনিতা মান্না। তাঁর বক্তব্য, গ্রামে নতুন জলের লাইন পাতা হচ্ছে। তাই এই সমস্যা দেখা দিয়েছে। তবে ৩-৪ দিনের মধ্যে এই সমস্যা মিটে যাবে বলে দাবি করেন প্রধান।
সম্পর্কিত সংবাদ