Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

জলপাইগুড়িতে উদ্ধার হওয়া শিলিগুড়ির নাবালিকাকে ঘিরে দিনভর টানাপোড়েন

জলপাইগুড়িতে উদ্ধার হওয়া শিলিগুড়ির নাবালিকাকে ঘিরে দিনভর টানাপোড়েন
  • ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: উদ্ধার হওয়া নাবালিকাকে ঘিরে বুধবার দিনভর টানাপোড়েন। তাকে পাচারের চেষ্টা করা হচ্ছিল কি না, এদিন রাত পর্যন্ত তা স্পষ্ট হয়নি। নাবালিকার সঙ্গে থাকা যে যুবককে আটক করা হয়েছে, সে মেয়েটির সঙ্গে কোনও অশালীন আচরণ করেছে কি না, সেটাও স্পষ্ট নয়। এদিন দুপুরের পর শিলিগুড়ির শক্তিগড় এলাকা থেকে নাবালিকার বাবা ও ঠাকুমা জলপাইগুড়ি কোতোয়ালি থানায় আসেন। তারপর হোম থেকে নিয়ে এসে পরিবারের সদস্যদের উপস্থিতিতে নাবালিকার ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়। রাত পর্যন্ত খবর, ওই নাবালিকার ডাক্তারি পরীক্ষার রিপোর্ট পুলিসের হাতে এসে পৌঁছয়নি। রিপোর্ট হাতে না আসা পর্যন্ত ওই নাবালিকা কোনওরকম যৌন হেনস্তার শিকার হয়েছে কি না, সে ব্যাপারে নিশ্চিত হতে পারছে না পুলিস। নাবালিকার সঙ্গে থাকা যুবককে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় আটক করে রাখা হয়েছে। 
Advertisement
কোতোয়ালি থানার আইসি সঞ্জয় দত্ত বলেন, আমরা মেয়েটিকে উদ্ধার করেছি। নাবালিকার ডাক্তারি পরীক্ষার রিপোর্ট ও পরিবারের বক্তব্যের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে, ওই নাবালিকা কীভাবে শিলিগুড়ি থেকে জলপাইগুড়িতে এল, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। যে যুবক মেয়েটিকে নিয়ে শিলিগুড়ি থেকে বাস ধরে জলপাইগুড়িতে আসে, তার উদ্দেশ্য নিয়েও দানা বেঁধেছে সন্দেহ। উদ্ধারের পর এলাকার বাসিন্দাদের প্রশ্নের উত্তরে ওই নাবালিকা জানায়, যে যুবক তাকে বাসে করে নিয়ে আসে, তাকে চেনে না সে। অন্যদিকে, ওই যুবক দাবি করে, মেয়েটি তাকে নিশিগঞ্জের বাড়িতে পৌঁছে দিতে বলেছিল। তাই বাসে করে মেয়েটিকে সে নিয়ে যাচ্ছিল। শিলিগুড়ি থেকে ভুল করে সে অসমগামী বাসে উঠে পড়ে। পুলিস তার বয়ান খতিয়ে দেখছে। কারণ, ওই যুবকের বক্তব্যে বেশকিছু অসঙ্গতি মিলেছে। 
পুলিস সূত্রে খবর, নাবালিকাকে নিয়ে আসা ওই যুবকের আদি বাড়ি বিহারে। সেখানে তার স্ত্রী ও সন্তান রয়েছে। শিলিগুড়ির জলপাইমোড় এলাকায় ভাড়া থাকে সে। পুলিসের খটকা, নাবালিকা তাকে কোচাবিহারে বাড়ির ঠিকানা দিয়ে যদি পৌঁছে দিতে বলেও থাকে, তাহলে কাউকে কিছু না জানিয়ে, পুলিসকে কোনও খবর না দিয়ে মেয়েটিকে বাসে চাপিয়ে সে নিয়ে আসতে গেল কেন?
এদিন নাবালিকার বাবা দাবি করেন, আমার মেয়ে মানসিকভাবে কিছুটা অসুস্থ। বাড়িতে আমি ও আমার মা থাকি। স্ত্রী বেশ কয়েক বছর আগে ছেড়ে চলে গিয়েছে। মায়ের কাছেই মেয়ে থাকে। মঙ্গলবার দুপুর পর্যন্ত বাড়িতেই ছিল মেয়ে। তারপর কোথায়, কীভাবে চলে যায় জানি না।
Advertisement
সম্পর্কিত সংবাদ