নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: পাঞ্জিপাড়া-কাণ্ডের জেরে নিরাপত্তা বাড়ল জলপাইগুড়ি সদরের কোর্ট-লকআপে। ওই লকআপের ভিতর ও বাইরে মিলিয়ে প্রথম পর্যায়ে ১০টি সিসি ক্যামেরা বসানো হয়েছে। কোর্ট-লকআপ চত্বরে আরও কিছু সিসি ক্যামেরা বসানো হবে বলে পুলিস সূত্রে খবর। জলপাইগুড়ির পুলিস সুপার খণ্ডবাহালে উমেশ গণপত বলেন, নিরাপত্তায় কোনও ফাঁক রাখছি না আমরা। কোর্ট-লকআপে কিছু সিসি ক্যামেরা বসানো হয়েছে। যদি আরও কোথাও প্রয়োজন থাকে, ক্যামেরা বসানো হবে। পুলিস সূত্রে খবর, পাঞ্জিপাড়া-কাণ্ডের পর থানা থেকে আসামিদের কোর্ট-লকআপে নিয়ে আসা এবং সেখান থেকে জেলে নিয়ে যাওয়ার সময় এসকর্টে পুলিস কর্মীর সংখ্যা বাড়ানো হয়েছে।



