নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: জলজীবন মিশনে রূপায়িত প্রকল্পে উপভোক্তাদের অভিজ্ঞতা সহ নানা বিষয়ে খতিয়ে দেখতে উত্তর দিনাজপুর জেলায় শুরু কেন্দ্রীয় প্রতিনিধির পরিদর্শন। চার ব্লকে পানীয় জল প্রকল্পের বিষয়ে তিনি খোঁজখবর নিচ্ছেন। প্রশাসন সূত্রে খবর, ইসলামপুর, চোপড়া ব্লকে রূপায়িত প্রকল্প ওই প্রতিনিধি পরিদর্শন করেছেন। শনিবার গোয়ালপোখর-১ এ তিনি জল প্রকল্প ঘুরে দেখেন। কথা বলেন উপভোক্তাদের সঙ্গে। জেলা জনস্বাস্থ্য দপ্তরের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার অনিরুদ্ধ ভট্টাচার্য বলেন, জেলায় জলজীবন মিশনের কাজ হয়েছে প্রায় ৪০ শতাংশ। যার মাধ্যমে ২ লক্ষ ৪০ হাজার পরিবার উপকৃত হয়েছে। কাজের খোঁজখবর করতেই কেন্দ্রীয় প্রতিনিধি জেলায় এসেছেন। পরিদর্শনের উদ্দেশ্য হল কাজ সম্পূর্ণ হওয়ার পর মানুষের অভিজ্ঞতা কেমন, জলের ব্যবহার কেমন হচ্ছে সেসব খোঁজ নেওয়া। রবিবার কালিয়াগঞ্জে পরিদর্শনে যাবেন ওই প্রতিনিধি। সোমবার জেলাশাসকের সঙ্গে তাঁর দেখা করার কথা।
Advertisement
জনস্বাস্থ্য ও কারিগরী দপ্তর সূত্রে খবর, ২০২০ সালের মাঝামাঝি সময় থেকে জলজীবন মিশনের কাজ শুরু হয়। যার লক্ষ্য ৫ লক্ষ ৮১ হাজার ৩৯১ টি বাড়িতে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়া। সেইমতো কাজও শুরু হয়। কিন্তু বিভিন্ন সময়ে স্থানীয়দের বাধার মুখে পড়তে হয়েছে দপ্তরকে। সেই সমস্যা কাটিয়ে কাজ করতে গিয়ে পুলিস ও প্রশাসনের সাহায্যও নিতে হয়েছে। একসময় পুলিসের কাছে অভিযোগ জানিয়ে কাজ এগতে হয়েছে। তবে সম্প্রতি কাজ মসৃণভাবেই চলছে।



