নিজস্ব প্রতিনিধি, তমলুক: বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলাজুড়ে সাড়ম্বরে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৮তম জন্মবার্ষিকী পালিত হল। এদিন জেলার মূল অনুষ্ঠানটি হয় তমলুকে জেলাশাসক অফিসে। নেতাজির ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান জেলাশাসক পূর্ণেন্দু মাজী, দুই অতিরিক্ত জেলাশাসক, বিধায়ক সৌমেন মহাপাত্র এবং তমলুক পুরসভার চেয়ারম্যান দীপেন্দ্রনারায়ণ রায় প্রমুখ। শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে জেলাশাসক সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। দেশাত্মবোধক নৃত্য, সংগীত পরিবেশন করা হয়। তমলুক পুরসভাতেও যথাযথ মর্যাদায় নেতাজির জন্মদিন পালন করা হয়। নেতাজির আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন পুরসভার চেয়ারম্যান সহ অন্যান্য কাউন্সিলাররা। কোলাঘাট থানার বাড়বড়িশা গ্রামে শিবশীতলা মন্দির প্রাঙ্গণে নেতাজির জন্মদিনে তিন মনীষীর আবক্ষ মূর্তি উন্মোচন করা হয়। নেতাজি, স্বামীজি ও বিদ্যাসাগরের আবক্ষ মূর্তির উন্মোচন করেন মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী। তমলুক শহরে শঙ্করআড়া বাজারে নেতাজির মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানায় বাজার কমিটি। তমলুক শহরে বৈকুণ্ঠ সরোবরে নেতাজির মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানায় নেতাজি সুভাষচন্দ্র বসু ১২৫তম জন্মবর্ষ উদ্যাপন কমিটি। এই উপলক্ষ্যে শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। তমলুক রাজবাড়ি এলাকায় নেতাজির মূর্তিতে মাল্যদান করা হয়। তমলুক থানার রামতারকহাটে নেতাজি স্মরণ সমিতির উদ্যোগে নানা প্রতিযোগিতা, আলোচনা সভা ও নাটকের আয়োজন করা হয়।



