Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

জাল সার্টিফিকেট দিয়ে মামলা আইন পড়ুয়ার! গ্রেপ্তারের নির্দেশ হাইকোর্টের

জাল সার্টিফিকেট দিয়ে মামলা আইন পড়ুয়ার! গ্রেপ্তারের নির্দেশ হাইকোর্টের
  • ১৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিজে আইনের পড়ুয়া। নিজের মামলা লড়ছেন নিজেই। আর সেই মামলাতেই জাল মেডিক্যাল সার্টিফিকেট জমা দিয়ে রীতিমতো বিপাকে মুর্শিদাবাদের সুতির বাসিন্দা মাসুদ শেখ নামে এক যুবক। এহেন তথ্য সামনে আসার পরই সোমবার ওই যুবকের বিরুদ্ধে এফআইআর দায়ের করে প্রয়োজনে তাঁকে গ্রেপ্তার করারই নির্দেশ দিল হাইকোর্ট। 
Advertisement
মাসুদের দাবি ছিল, তিনি আইনের ছাত্র হওয়ার পাশাপাশি এলাকায় সমাজসেবী হিসেবে পরিচিত। বিরোধী রাজনৈতিক দল করায় শাসক দলের স্থানীয় নেতারা তাঁকে হেনস্তা করছেন, এই অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। মামলাকারীর অভিযোগ শুনে আদালত প্রাথমিকভাবে তাঁকে নিরাপত্তা দেওয়ার জন্য নির্দেশ দেয়। এজলাসে মামলাকারী নিজে দাবি করেন, গত ১০ ডিসেম্বর একটি মিছিল থেকে ফেরার পথে তাঁর উপর আক্রমণ করা হয়। এরপর আহত অবস্থায় তাঁকে সুতি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। ব্লক স্বাস্থ্য আধিকারিকের একটি মেডিক্যাল রিপোর্টও আদালতে পেশ করেন তিনি। তখনই ওই রিপোর্ট নিয়ে প্রশ্ন তোলে রাজ্য। সার্টিফিকেটটি ‘ভুয়ো’ বলে দাবি করেন রাজ্যের আইনজীবী। এরপরই ওই সার্টিফিকেটসহ রিপোর্ট জমা দেওয়ার জন্য রাজ্যকে নির্দেশ দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। 
সোমবার বিচারপতি ঘোষের এজলাসে সেই রিপোর্ট জমাসহ রাজ্য দাবি করে যে, ওই সার্টিফিকেট ‘জাল’। এরপরই মামলাকারীর পুলিসি নিরাপত্তা প্রত্যাহারের পাশাপাশি বিচারপতির নির্দেশ, ওই যুবকের বিরুদ্ধে অবিলম্বে এফআইআর দায়ের করে প্রয়োজনে তাঁকে হেফাজতেও নিতে হবে। এই মামলার পরবর্তী শুনানি ১৩ ফেব্রুয়ারি। আদালতে ওইদিন পুলিসকে এই সংক্রান্ত তদন্ত রিপোর্ট জমা দিতে হবে।
সম্পর্কিত সংবাদ