Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

জেলায় সহায়ক মূল্যে ১ লক্ষ ৬৫ হাজার মেট্রিক টন ধান কিনল প্রশাসন

জেলায় সহায়ক মূল্যে ১ লক্ষ ৬৫ হাজার মেট্রিক টন ধান কিনল প্রশাসন
  • ২০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: ধান কেনায় লক্ষ্যমাত্রা পূরণ করতে বীরভূম জেলা খাদ্য ও সরবরাহ দপ্তর কোনও ত্রুটি রাখতে চাইছে না। গত বছরের নভেম্বর মাস থেকে এখনও অবধি প্রায় ১লাখ ৬৫হাজার মেট্রিক টন ধান কেনা হয়েছে। এবছর ৪লাখ ৮হাজার মেট্রিক টন লক্ষ্যমাত্রা রয়েছে। দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন, এবছর জেলায় ধানের ফলন খুব ভালো হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যেই লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হবে। সেক্ষেত্রে জেলাজুড়ে প্রায় ২৫৯ জায়গায় ধান কেনার কাজ চলছে। গত বছরের তুলনায় এবছর লক্ষ্যমাত্রা কিছুটা বাড়লেও শুরু থেকেই তা পূরণের চেষ্টা চলছে। জেলার ১৯টি ব্লকে মোট ৪৫টি সিপিসিতে ধান কেনার কাজ চলছে। এছাড়াও জেলাজুড়ে মোবাইল সিপিসির মাধ্যমেও ধান কেনার কাজ চলছে। গোটা জেলায় সেই সংখ্যা ১৪টি। এছাড়াও জেলার একাধিক প্রান্তে বিভিন্ন সোসাইটি, স্বনির্ভর গোষ্ঠী, এফপিও এবং এফপিসি মিলিয়ে প্রায় ২০০টি ক্যাম্প রয়েছে। স্থানীয় কৃষকদের দাবি মতো বিভিন্ন এলাকায় গিয়ে সেই ক্যাম্পের মাধ্যমেও ধান কেনার কাজ চলছে। সরকারিভাবে ধান কেনার শেষ সময়সীমা জুনমাস। আধিকারিকদের আশা নির্দিষ্ট সময়ের মধ্যেই লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হবে। আধিকারিকরা জানিয়েছেন, জেলায় আনুমানিক ২লাখ ৬৫হাজার মেট্রিক টন ধানের চাহিদা রয়েছে। সেক্ষেত্রে গত বছর এই জেলার চাহিদা পূরণের পর রাজ্যের নির্দেশে চার জেলায় ধান পাঠানো হয়েছিল। সেই তালিকায় পুরুলিয়া, হাওড়া, পূর্ব বর্ধমান ও উত্তর ২৪ পরগনা জেলা ছিল। এবছরও বাড়তি ধান ভিনজেলায় পাঠানো হবে। তবে, কোন কোন জেলায় পাঠানো হবে তা এখনও স্পষ্ট নয়। সেক্ষেত্রে অবশ্য রাজ্যের তরফে নির্দেশিকার অপেক্ষা।
Advertisement
সম্পর্কিত সংবাদ