নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: জেলাজুড়ে পুলিসের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪১৭ জন। শনিবার রাতভর জলপাইগুড়ি জেলায় পুলিসের তরফে ওই অভিযান চালানো হয়। পুলিস সূত্রে খবর, নির্দিষ্ট মামলায় গ্রেপ্তার করা হয়েছে ২৫ জনকে। এছাড়াও গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে, এমন ৪৪ জনকে পাকড়াও করা হয়েছে। অশান্তি পাকাতে পারে, এরকম ৩০১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলার একাধিক জায়গায় জুয়ার আসরে হানা দিয়ে গ্রেপ্তার করা হয়েছে ৩৯ জনকে। জুয়ার বোর্ড মানি বাজেয়াপ্ত করা হয়েছে ১৭ হাজার ৯৬৫ টাকা। অভিযানে নষ্ট করা হয়েছে ৪৮৫ লিটার চোলাই। এছাড়াও বেআইনি মদ বিক্রির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে আট জনকে। বাজেয়াপ্ত করা হয়েছে ৫০১ বোতল অবৈধ মদ। ট্রাফিক আইনভঙ্গের অভিযোগে ৮৩৪টি ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। জলপাইগুড়ির পুলিস সুপার খণ্ডবাহলে উমেশ গণপত বলেন, জেলার ১৫টি জায়গায় নাকাচেকিং চালানো হয়। তাতেই এই সাফল্য মিলেছে।



