Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

জেলা নেতৃত্বকে এড়িয়ে গোপনে  বৈঠক বিজেপির পাঁচ বিধায়কের

জেলা নেতৃত্বকে এড়িয়ে গোপনে  বৈঠক বিজেপির পাঁচ বিধায়কের
  • ৩০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বনগাঁ: ২০২৬ সালের বিধানসভা ভোট যত এগিয়ে আসছে, ততই প্রকট হচ্ছে বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার গোষ্ঠীদ্বন্দ্ব। জেলা নেতৃত্বের সমালোচনায় সরব হয়েছেন দলের একাধিক বিধায়ক। সম্প্রতি দলের ‘সক্রিয়’ সদস্য তৈরি করার ব্যাপারে জেলা সংগঠনের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন তাঁরা। এবার একপ্রকার গোপনে বৈঠক করলেন দলের পাঁচ বিধায়ক। বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদারের বাড়িতে বুধবার ম্যারাথন বৈঠক হয়। ওই বৈঠকে উপস্থিত ছিলেন বনগাঁ উত্তর, গাইঘাটা, হরিণঘাটা ও কল্যাণীর বিধায়করা। সূত্র মারফত জানা গিয়েছে, বৈঠকে জেলা সভাপতি ও জেলা সংগঠনে রদবদল নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। যদিও এই রদবদলের সম্ভাবনা নিয়ে মুখ খোলেননি কোনও বিধায়ক। এদিনের বৈঠক প্রসঙ্গে বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার বলেন, ‘ছাব্বিশের নির্বাচনের আগে সাংগঠনিক কিছু পরিবর্তন হতে পারে। আমাদের লক্ষ্য তৃণমূলকে উৎখাত করা। সংগঠনের কিছু দুর্বলতা আছে। সেগুলি নিয়ে আলোচনা হয়েছে। ঊর্ধ্বতন নেতৃত্বকে বিষয়টি জানানো হবে। তাঁরাই সিদ্ধান্ত নেবেন।’
Advertisement
এই বৈঠকে সাংগঠনিক বিষয়ে আলোচনা হলেও জেলা নেতৃত্বের কেউ ছিলেন না। উপস্থিত ছিলেন না জেলা সভাপতি দেবদাস মণ্ডলও। এমনকী, বনগাঁ লোকসভার সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রীকেও দেখা যায়নি ওই বৈঠকে। বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলায় বিধায়ক বনাম জেলা সভাপতির দ্বন্দ্ব নতুন কিছু নয়। একাধিকবার প্রকাশ্যে এসেছে কোন্দল। এমনকী সাংসদের সঙ্গেও বিধায়কদের সম্পর্ক নিয়ে নানা প্রশ্ন উঠেছে। দলের জেলা সভাপতি সাংসদপন্থী হিসেবে পরিচিত। তাঁর নেতৃত্বে দলের একাধিক অনুষ্ঠানে সাধারণত এই বিধায়কদের দেখা যায় না। বিধায়কদের সঙ্গে জেলা সভাপতির সম্পর্কও মধুর নয়। এদিন বৈঠক শেষে হরিণঘাটার বিধায়ক অসীম সরকার বলেন, ‘সাংগঠনিক বিষয়ে কিছু আলোচনা হয়েছে।’ সংগঠনে রদবদল নিয়ে প্রশ্ন করা হলে তিনি এড়িয়ে যান। তবে এই বৈঠক নয়ে কোনও মন্তব্য করতে চাননি জেলা সভাপতি দেবদাস মণ্ডল।
বিজেপির বৈঠক নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল। তৃণমূলের জেলা সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, বিজেপি দলে কোনও শৃঙ্খলা নেই। অসামাজিক লোকজন দলের পদে বসে আছেন। ভোট যত এগিয়ে আসবে, ততই প্রকট হবে গোষ্ঠীদ্বন্দ্ব।
Advertisement
সম্পর্কিত সংবাদ