নয়াদিল্লি: গত লোকসভা নির্বাচন নিয়ে ‘ভুল’ মন্তব্য করেছিলেন মার্ক জুকেরবার্গ। তাই নিয়ে এবার ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল সংস্থা ‘মেটা’-কে ডেকে পাঠাতে চলেছে যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সংসদীয় কমিটি। ওই কমিটির চেয়ারম্যান তথা বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে জানিয়েছেন, ভুল তথ্য প্রচারের জন্যই মেটাকে ডেকে পাঠানো হতে পারে। এক্স হ্যান্ডলে তিনি দাবি করেছেন, ভুল তথ্য ছড়ানোর অর্থ একটি গণতান্ত্রিক দেশের ভাবমূর্তি নষ্ট করা। সংস্থার উচিত সংসদ ও ভারতের সাধারণ মানুষের কাছে ভুল স্বীকার করা।
Advertisement
১০ জানুয়ারি একটি পডকাস্টে ফেসবুকের সহ প্রতিষ্ঠাতা জুকেরবার্গ বলেছিলেন, কোভিড মহামারীর প্রভাবে বিভিন্ন দেশের ক্ষমতাসীন সরকার মানুষের বিশ্বাস হারিয়েছে। ২০২৪ সালে ভারত সহ বিভিন্ন দেশে সাধারণ নির্বাচন হয়েছে, আর সব কটি নির্বাচনেই ক্ষমতাসীন দল সরকার গঠন করতে ব্যর্থ হয়েছে। কোভিডের পাশাপাশি কারণ হিসেবে মুদ্রাস্ফীতি, আর্থিক নীতির মতো বিষয়কেও দায়ী করেছিলেন জুকেরবার্গ। ওই পডকাস্ট প্রচারিত হওয়ার পরেই সমাজ মাধ্যমে জুকেরবার্গের মন্তব্যের প্রতিবাদ করেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এক্স হ্যান্ডলে তিনি মেটা কর্তার ভুল শুধরে দিয়ে লিখেছিলেন, ভারতের জনগণ ফের নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এনডিএর উপরেই ভরসা রেখেছে। তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে এনডিএ। তাই সব দেশেই ক্ষমতাসীন দল হেরেছে, এই বক্তব্য আদতে ভুল।



