সংবাদদাতা, উলুবেড়িয়া: বাঁশ গাছের মগডালে ঘুড়ির মাঞ্জায় জড়িয়ে জখম হয়েছিল একটি লক্ষ্মীপেঁচা। সেটিকে উদ্ধার করার পর ৩৭ দিন ধরে সেবা শুশ্রূষা করে বৃহস্পতিবার খোলা আকাশে মুক্ত করে দিলেন পরিবেশ কর্মীরা। গত ১৭ নভেম্বর আমতা বিধানসভার বাকসিহাট গ্রাম পঞ্চায়েতের দেউলগ্রাম থেকে উদ্ধআর হয় ওই পেঁচাটি। স্থানীয় বাসিন্দারা পরিবেশ কর্মীদের বিষয়টি জানালে তাঁরা এসে বাঁশ গাছ কেটে জখম পেঁচাটিকে নামান। পরে বনদপ্তর ও চিকিৎসকের পরামর্শে পরিবেশ কর্মীরা পেঁচাটিকে বাড়িতে এনে চিকিৎসা শুরু করেন। পেঁচাটি সুস্থ হয়ে ওঠায় বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে স্বাভাবিক পরিবেশে ফিরিয়ে দেওয়া হয়। জানা গিয়েছে, পেঁচাটির ডানদিকের ডানায় গভীর ক্ষত ছিল।



