সংবাদদাতা, রামপুরহাট: মুরারই লাগোয়া ঝাড়খণ্ডের মহেশপুরে যাত্রী বোঝাই বেসরকারি বাসের ধাক্কায় মৃত্যু হল দুই বাইক আরোহীর। পুলিস জানিয়েছে, মৃত দু’জনের নাম আনন্দ হেমব্রম(২২) ও বিমল হেমব্রম(২২)। এই ঘটনায় প্রদীপ মারাণ্ডি নামে আরও এক যুবক জখম হয়েছেন। তিনি আশঙ্কাজনক অবস্থায় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেলে মহেশপুর থানার নারায়ণগড় গ্রামের তিন বন্ধু একটি বাইকে চেপে বরকার মোড় থেকে পাকুড় মহেশপুর রাস্তা ধরে বাড়ি ফিরছিলেন। বরকার মোড়ের কাছে উল্টোদিক থেকে আসা একটি বেসরকারি বাসের সঙ্গে তাঁদের বাইকের মুখোমুখী সংঘর্ষ হয়। বাইকে থাকা তিন যুবকই রাস্তায় ছিটকে পড়েন। স্থানীয়রা এসে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় মহেশপুর সদর হাসপাতালে নিয়ে গেলে বিমলবাবুকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। বাকি দু’জনকে রামপুরহাট মেডিক্যালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় দু’জনকেই বর্ধমান মেডিক্যালে রেফার করা হয়। বর্ধমানে নিয়ে যাওয়ার পথেই রাত ১২টা নাগাদ আনন্দবাবুর মৃত্যু হয়। তাঁকে আবার রামপুরহাট মেডিক্যালে ফিরিয়ে আনা হয়। শুক্রবার তাঁর দেহের ময়না তদন্ত হয়। গুরুতর জখম প্রদীপবাবু বর্ধমান মেডিক্যালে চিকিৎসাধীন।



