নিজস্ব প্রতিনিধি, আসানসোল: বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল যাত্রীবাহী ট্রেন। সুরক্ষিত যাত্রীরা। আজ, মঙ্গলবার ঝাড়খণ্ডে রেলের মধুপুর-জসিডি সেকশনের রোহিনী রেলগেটের কাছে দুর্ঘটনার কবলে পড়ে ঝাঁঝা-আসানসোল ইএমইউ। সূত্রের খবর, ওই এলাকার রেলগেট খোলা থাকায় একটি ট্রাক প্রচণ্ড গতিতে এসে সোজা ধাক্কা মারে ঝাঁঝা-আসানসোল ইএমইউকে। যার ফলে ঘটে দুর্ঘটনাটি। ট্রেনটির গতি কম থাকায় বড়সড় দুর্ঘটনা ঘটেনি। তবে ট্রাকটির ব্যাপক ক্ষতি হয়েছে। রেললাইন থেকে ক্ষতিগ্রস্ত ট্রাকটি সরানোর কাজ চলছে। তবে এই দুর্ঘটনার জেরে মধুপুর-জসিডি সেকশনের ডাউন লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। দুর্ঘটনার কবলে পড়া ঝাঁঝা-আসানসোল ইএমইউ একই জায়গায় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রয়েছে। তবে এই দুর্ঘটনায় হতাহতের কোনও খবর নেই। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে রেল, আরপিএফ এবং স্থানীয় পুলিস। কীভাবে ঘটল দুর্ঘটনাটি তদন্ত করা হবে বলে রেল সূত্রে জানা গিয়েছে।



