নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: চিকিৎসা পরিষেবা দেওয়া নিয়ে বার বার প্রশ্ন উঠেছে। হাসপাতালে কখনও মিলছে না স্যালাইন, কখনও অমিল ওষুধ। দায়িত্বরত চিকিৎসকদের হাসপাতাল ছেড়ে উধাও হয়ে যাওয়ার অভিযোগও রয়েছে। হাসপাতালে গত শনিবার থেকে কুকুর ও বিড়ালে কামড়ানোর জরুরি প্রতিষেধক ইনজেকশন মিলছে না। আক্রান্ত শতাধিক মানুষকে মেদিনীপুর হাসপাতালে রেফার করা হয়েছে। শহরের খোলা বাজারে প্রতিষেধক না মেলায় রোগীর পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। জেলার অন্যতম নামী চিকিৎসা প্রতিষ্ঠান ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। জেলার বিভিন্ন প্রান্ত থেকে রোগীরা এখানে চিকিৎসা করাতে আসেন। গ্ৰামীণ স্বাস্থ্যকেন্দ্রগুলো থেকে রেফার করা রোগীদের ভিড় লেগেই থাকে। এহেন হাসপাতালের চিকিৎসা পরিষেবার মান নিয়ে অভিযোগ উঠছে। হাসপাতালে ভর্তি রোগীদের খাবারের মান নিয়ে কিছুদিন আগে তৃণমূলের জেলা সভাপতি দুলাল মুর্মু তোপ দেগেছিলেন। এবার হাসপাতালে পর্যাপ্ত ওষুধ সরবরাহো না থাকায় চিকিৎসকরাই উদ্বেগ প্রকাশ করছেন। প্রকাশ্যে মুখ না খুললেও পরিচালনার অব্যবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করছেন তাঁরা। চিকিৎসকদের রাতে ওয়ার্ডে দেখা না পাওয়ার বিস্তর অভিযোগ রয়েছে। হাসপাতাল চত্বরের মর্গ সংলগ্ন এলাকায় যত্রতত্র চিকিৎসা বর্জ্য পড়ে থাকা নিয়ে শহরের পরিবেশ কর্মীরা দীর্ঘদিন ধরে অভিযোগ জানাচ্ছেন। শহরের বাজার ও জনবসতি এলাকায় সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। চিকিৎসা বর্জ্য অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার এখনও কোনও ব্যবস্থা করা হয়নি।



