Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ঝাড়গ্রামে কর্মসংবাদ পোর্টাল চালুর দাবি, সরব জেলা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন

ঝাড়গ্রামে কর্মসংবাদ পোর্টাল চালুর দাবি, সরব জেলা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন
  • ২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: রাজ্য সরকার বেকার যুবক-যুবতীদের চাকরির সন্ধানের জন্য কর্মসংবাদ পোর্টাল চালু করেছে। বিভিন্ন জেলার সরকারি পোর্টালে সহজেই চাকরির সুলুক সন্ধান মিলছে। ঝাড়গ্রামে এখনও কর্মসংবাদ পোর্টাল চালু হয়নি। জেলার তৃণমূল কংগ্রেস শ্রমিক সংগঠনের কর্মসংবাদ পোর্টাল চালুর দাবি নিয়ে সরব হয়েছে। 
Advertisement
ঝাড়গ্রাম জেলায় শিক্ষিত যুবক-যুবতীর সংখ্যা বাড়ছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে কাজের চাহিদা বাড়ছে। স্নাতক পাশ করেই বেকার যুবক-যুবতীরা কাজের সন্ধানে নেমে পড়ছেন। কর্মসংস্থানের সঠিক তথ্য না পেয়ে অনেকেই বিভ্রান্তির মধ্যে পড়ছেন। বিভিন্ন ভুয়ো সংস্থার ফাঁদে পড়ে টাকা খোয়ানোর ঘটনাও ঘটছে। জেলায় ছোট বড় শিল্প প্রতিষ্ঠান ও ছোটখাটো কারখানা রয়েছে। বাড়ির কাছে কাজ পেতে সেইসব প্রতিষ্ঠানেও অনেকে যোগাযোগ করছেন। সুনির্দিষ্ট তথ্যের অভাবে অনেককে হয়রানির শিকার হতে হচ্ছে। তাই নিয়ে জেলার যুবক-যুবতীরা হতাশার শিকার হচ্ছেন। যার জেরে জেলায় দ্রুত কর্ম সংবাদ পোর্টাল চালুর দাবি উঠছে। দক্ষিণবঙ্গের অনান্য জেলায় কর্ম সংবাদ পোর্টাল ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে। কিন্তু এই জেলায় চালু করা যায়নি। 
রাজ্য সরকার ঝাড়গ্রাম জেলার কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে পদক্ষেপ নিচ্ছে। জেলার কর্ম বিনিয়োগ কেন্দ্রে জব ড্রাইভ কর্মসূচির আয়োজন করা হচ্ছে। প্রশাসন কর্মনিয়োগকারী সংস্থার ও কর্মপ্রার্থীদের মধ্যে সেতুবন্ধনের কাজ করছে। কর্মসূচিতে যোগ দিয়ে যুবক-যুবতীরা কাজ পাচ্ছেন। কাজের খবর আগাম না পাওয়া নিয়ে অবশ্য সমস্যায় রয়েছে। কর্মসংবাদ পোর্টাল চালু হলে সেই সমস্যার অনেকটাই সমাধান হবে বলে মনে করা হচ্ছে। 
ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সহ সভাপতি সৌমেন আচার্য বলেন, এই জেলায় আগের থেকে শিক্ষার হার বেড়েছে। তরুণ প্রজন্ম পড়াশোনা শেষ করেই কাজের সন্ধান করছে। জেলায় ছোটবড় বেশ কিছু শিল্প প্রতিষ্ঠান ও কারখানা রয়েছে। এইসব প্রতিষ্ঠানে যুবক-যুবতীরা কাজ পেলে জেলার  বেকারত্বের হার কমবে। রাজ্যের একাধিক জেলায় কর্মসংবাদ পোর্টাল চালু হয়েছে। অজ্ঞাত কোনও কারণে এই জেলায় কর্মসংবাদ পোর্টালটি চালু হয়নি। প্রান্তিক এই জেলার যুবক-যুবতীদের কর্ম সংস্থানের সুবিধার্থে পোর্টালটি চালু হওয়া দরকার। জেলার শ্রমদপ্তরের আধিকারিকদের কাছে সংগঠনের তরফে বিষয়টি দেখার আবেদন করা হয়েছে। ঝাড়গ্রাম শহরের বাসিন্দা বছর পঁচিশের অক্ষয় রানা বলেন, পারিবারিক অবস্থা ভালো নয়। স্নাতক হওয়ার পর কাজের সন্ধান করছি। কাজের সঠিক সন্ধান দরকার। সে পাওয়া নিয়ে এই জেলায় সমস্যা রয়েছে। 
ঝাড়গ্রাম জেলা শ্রম দপ্তরের আধিকারিক নব্যেন্দু মুখোপাধ্যায় বলেন, কর্মসংবাদ পোর্টাল চালু করার দাবি নিয়ে একটি আবেদনপত্র পেয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানানো হয়েছে। সবুজ সঙ্কেত পেলে বিষয়টি চালু করার উদ্যোগ নেওয়া হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ