Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

জগদ্ধাত্রী পুজোয় যানজটের আশঙ্কা ডায়মন্ডহারবারে

জগদ্ধাত্রী পুজোয় যানজটের আশঙ্কা ডায়মন্ডহারবারে
  • ৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বজবজ: আগামী রবিবার থেকে শুরু হচ্ছে জগদ্ধাত্রী পুজো। ফলতার হাসিমনগর সহ সংলগ্ন এলাকায় ৬০টির বেশি পুজো হয়। প্রশাসনের অনুমান, এবারে দর্শনার্থীদের ভিড় বাড়তে পারে। ফলে ডায়মন্ডহারবার জাতীয় সড়কে যানজটের সম্ভাবনা রয়েছে। আশঙ্কায় পুজো উদ্যোক্তারাও। যদিও ভিড় সামলে যানজট এড়াতে কী কী করা যেতে পারে তা নিয়ে জেলার পুলিস কর্তারা প্রাথমিকভাবে ফলতা সহ সংলগ্ন থানাগুলির সঙ্গে কথা বলে পরিকল্পনা তৈরি করে ফেলেছেন। এক পুলিস কর্তা বলেন, ডায়মন্ডহারবার জাতীয় সড়কে যাতে যানজট না হয়, তার জন্য শিরাকোল এবং হটুগঞ্জের বাইপাসকে ব্যবহার করা হবে। পাশাপাশি পণ্যবাহী গাড়ি চলাচল পুজোর ক’দিন নিয়ন্ত্রণ করা হবে। তবে যদি দেখা যায়, ফলতার হাসিমনগরে এলাকায় গাড়ি চলাচলের গতি স্বাভাবিক আছে, তাহলে কোনও পরিবর্তন করা হবে না। তবে পুজোর সময় পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। এমনিতে প্রচুর পুলিস মোতায়েন থাকছে। পুজোর ক’দিন বাইরে থেকে প্রতিমা দেখার জন্য হাজার হাজার গাড়ি হাসিমনগরে আসে। সেই সব প্রাইভেট গাড়ি, মোটরবাইক পার্কিং করার ব্যাপারেও পুলিস ভেবে রেখেছে। ট্রাফিক পুলিসের এক আধিকারিক বলেন, ফলতার জাতীয় সড়কের ধারে অনেকগুলি ফাঁকা জায়গা রয়েছে। সেই সব জায়গায় পার্কিংয়ের ব্যবস্থা করা হবে। সব মিলিয়ে ভিড় নিয়ন্ত্রণ ও তা সামাল দিতে সবরকম প্রস্তুতি নেওয়া হয়েছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ