নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দূষণমুক্ত হোক। এই দাবি নিয়ে সমস্ত পুজো কমিটির কাছে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে হুগলির বাজি ও ডিজে বিরোধী মঞ্চ। ইতিমধ্যেই নাগরিক মহল্লায় এনিয়ে প্রচার শুরু হয়েছে। মঞ্চের কর্তারা জানিয়েছেন, সমস্ত পুজো কমিটির কাছে বাজি ও সাউন্ড বক্স বন্ধ রাখার আবেদন করা হবে। কেন্দ্রীয় পুজো কমিটির কাছেও ওই বিষয়ে প্রস্তাব দেওয়া হবে। সার্বিকভাবে ‘সবুজ’ পুজো হোক, সেই মর্মেই আবেদন করা হবে। মঞ্চের অন্যতম কর্তা গৌতম সরকার বলেন, কালীপুজোয় শব্দবাজি এবং ডিজের তাণ্ডবে আমরা উদ্বিগ্ন। হুগলিতে আরও একটি পুজো মরশুম আসছে। সামনেই জগদ্ধাত্রী পুজো। সেখানে শব্দবাজি এবং সাউন্ড বক্স বন্ধ রাখার জন্য আমরা সর্বস্তরে আবেদন করব।



