Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

চোরাই সোনা কিনে গ্রেপ্তার জুয়েলারি দোকানের মালিক, বাজেয়াপ্ত সামগ্রী

চোরাই সোনা কিনে গ্রেপ্তার হলেন একটি জুয়েলারি দোকানের মালিক। নওশাদ খান নামে ওই অভিযুক্তের বারুইপুরের মল্লিকপুরে সোনার দোকান রয়েছে।

চোরাই সোনা কিনে গ্রেপ্তার জুয়েলারি  দোকানের মালিক, বাজেয়াপ্ত সামগ্রী
  • ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চোরাই সোনা কিনে গ্রেপ্তার হলেন একটি জুয়েলারি দোকানের মালিক। নওশাদ খান নামে ওই অভিযুক্তের বারুইপুরের মল্লিকপুরে সোনার দোকান রয়েছে। বুধবার রাতে সেখান থেকেই তাঁকে গ্রেপ্তার করে পার্ক স্ট্রিট থানা। ধরা হয়েছে দুই পরিচারিকাকেও।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রিপন স্ট্রিটে এক ব্যবসায়ীর বাড়িতে কাজ করত হামিদা বিবি ও সাজাদি শেখ। ওই ব্যবসায়ীর অভিযোগ, এই দু’জন বাড়ি থেকে সোনার অলঙ্কার ও নগদ টাকা চুরি করেছে। চুরির ঘটনাটি ঘটেছে ৩১ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারির মধ্যে। খোয়া যাওয়া অলঙ্কারের মূল্য লক্ষাধিক টাকা। পুলিশ দুই পরিচারিকার বিরুদ্ধে চুরির কেস রুজু করে। জানা যায়, তাদের বাড়ি মল্লিকপুরে। স্থানীয় একজনের মাধ্যমে তারা এখানে পরিচারিকার কাজে ঢুকেছিল। ঘটনার পর থেকেই ওই বাড়ি থেকে পালিয়েছে তারা। খোঁজ নিয়ে পুলিশ জানতে পারে, তারা মল্লিকপুরেও ফেরেনি। তাদের উপর নজর রাখা হচ্ছিল। ৯ ফেব্রুয়ারি তারা এলাকায় এসেছে বলে জানতে পারেন তদন্তকারীরা। ওই দিনই এলাকায় হানা দিয়ে তাদের গ্রেপ্তার করে পার্ক স্ট্রিট থানা। কিন্তু তাদের কাছ থেকে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার হয়নি। 
হেপাজতে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, ওই সামগ্রী তারা মল্লিকপুরে একটি সোনার দোকানে বিক্রি করেছে। সেই দোকানদার চুরি হওয়া সোনার গয়না কেনে। সেগুলি গলিয়ে তা দিয়ে আবার নতুন গয়না তৈরি করে। তার ভিত্তিতে বুধবার রাতে ওই দোকানে হানা দিয়ে দোকানের মালিক নওশাদ খানকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে অভিযুক্ত স্বীকার করেন, ওই দুই পরিচারিকার কাছ থেকে সোনার অলঙ্কার তিনি কিনেছিলেন। দোকান থেকে উদ্ধার হয় চুরি যাওয়া সামগ্রী। কারণ, তখনও সেগুলি গলিয়ে ফেলা হয়নি। পরবর্তী তদন্তে জানা যায়, এই ব্যবসায়ী প্রায়শই বিভিন্ন দুষ্কৃতীর কাছ থেকে চোরাই সোনা কিনতেন। পুলিশ তল্লাশি চালালে যাতে ধরা না পড়তে হয়, তার জন্য সোনার অলঙ্কার দ্রুত গলিয়ে ফেলা হত। এর আগে তিনি এভাবে কতজনের কাছ থেকে চোরাই সোনা কিনেছেন, জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ