নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জিএসটিকে রাহুল গান্ধী কটাক্ষের সুরে বলেন, গব্বর সিং ট্যাক্স। এবার সেটিকেই তির্যক ভাষায় কংগ্রেস আখ্যা দিল ‘গব্বর সীতারামন ট্যাক্স।’ সামনেই বাজেট। পেট্রপণ্য আর মদ ছাড়া বাকি সবেতেই জিএসটি। কোন সামগ্রীর ওপর কত কর চাপবে, ঠিক করে জিএসটি কাউন্সিল। যেখানে সব রাজ্য সরকারের প্রতিনিধি উপস্থিত থাকেন ঠিকই, কিন্তু আদতে কেন্দ্রীয় সরকারের দাপটই বজায় থাকে বলেই অভিযোগ। তাই এবার দেশের ১২টি শহরে বেলা ১২টায় সাংবাদিক সম্মেলন করে মোদি সরকারের ওপর আক্রমণ বাড়াল কংগ্রেস। দিল্লিতে কংগ্রেস বলে, তারা জিএসটির পক্ষে। কিন্তু কর ব্যবস্থাকে সরল করারই ছিল কংগ্রেসের লক্ষ্য। মোদি তাড়াহুড়ো করে জিএসটি চালু করায় সরব হয়েছিলেন ডঃ মনমোহন সিং।



