পার্টির নির্দেশ লঙ্ঘন, ৬ বছরের জন্য বহিষ্কৃত জেডিইউ বিধায়ক অনন্ত সিং
  • ২৫ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

পাটনা: মোকামায় নাকি তিনিই শেষ কথা। তাঁর অঙ্গুলিহেলনে বাঘে গোরুতে এক ঘাটে জল খায়! জেলে বসেও জয়ী হয়েছিলেন সর্বশেষ বিধানসভা ভোটে। এহেন দোর্দণ্ডপ্রতাপ বিধায়ক অনন্ত কুমার সিং ও তাঁর স্ত্রী তথা প্রাক্তন বিধায়ক নীলম দেবীকে দল থেকে ৬ বছরের জন্য বহিষ্কার করল জেডিইউ। বাতিল করা হয়েছে তাঁদের প্রাথমিক দলীয় সদস্যপদ। শুধু তাই নয়, এই বাহুবলী নেতার বিধায়ক পদ খারিজের জন্যও বিধানসভার স্পিকারের কাছে সুপারিশ করেছে নীতীশ কুমারের দল। সম্প্রতি বিহার বিধান পরিষদের ভোটে জেডিইউ প্রার্থী নীরজ কুমারের বিরুদ্ধে প্রচার করেছিলেন অনন্ত সিং। দলীয় নেতৃত্বের নির্দেশ অমান্য করে প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টির প্রার্থী অনুজ সিংয়ের সমর্থনে নেমেছিলেন তিনি। এরপরই মোকামার দলীয় বিধায়কের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিল জেডিইউ।

Advertisement

বিহার জেডিইউয়ের সভাপতি উমেশ সিং কুশওয়া বলেছেন, অনবরত দলীয় নির্দেশ লঙ্ঘন ও শীর্ষ নেতৃত্বের প্রতি অসম্মানসূচক মন্তব্যের জন্য অনন্ত কুমার সিংয়ের বিরুদ্ধে  শৃঙ্খলাভঙ্গের দায়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। দলের সর্বভারতীয় সভাপতি নীতীশ কুমার ও কার্যকরী জাতীয় সভাপতি সঞ্জয় কুমার ঝায়ের বার্তা উপেক্ষা করেই তিনি অন্য দলের প্রার্থীর হয়ে প্রচার করেন। সেই আবহেই শনিবার কেন্দ্রীয় মন্ত্রী লালন সিং সাক্ষাৎ করেন পার্টি সুপ্রিমো নীতীশ কুমারের সঙ্গে। তাঁদের সাক্ষাতের পরই দলের তরফে সস্ত্রীক অনন্ত সিংকে ৬ বছরের জন্য বহিষ্কারের নির্দেশ জারি করা হয়।
জেডিইউয়ের অন্দরে নীরজ কুমারের সঙ্গে অনন্ত সিংয়ের অহিনকুল সম্পর্ক সুবিদিত। ২০১৫ সালে মোকামা আসনে নির্দল প্রার্থী হিসাবে লড়েও জেডিইউ প্রার্থী নীরজকে হারিয়ে দিয়েছিলেন অনন্ত সিং। বিধান পরিষদের নির্বাচনে নীরজ কুমারের বিরোধিতায় কেন প্রচার করেছেন, প্রকাশ্যে তাঁর যুক্তিও দেন মোকামার বাহুবলী বিধায়ক। রাখঢাক না করে  অনন্ত বলেছিলেন, দলের যে কোনো ব্যবস্থার জন্য আমি প্রস্তুত।